অক্টোবর ২১, ২০২৬, ০৭:২৫ পিএম
মুসলিম উম্মাহর শতবর্ষের দুর্যোগ ও দুর্ভাগ্যের কাল পেরিয়ে এখন নতুন করে ঘুরে দাঁড়ানোর সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও শাইখুল হাদিস মুফতি কাজী ইব্রাহিম। তিনি দাবি করেন, দীর্ঘ একশত বছরের একটি ঐতিহাসিক চক্র পূর্ণ হওয়ার পর মুসলিম জাতি বিশ্বমঞ্চে সামনের দিকে এগিয়ে যাবে।
সম্প্রতি `ইনোভা টকস`-এর একটি পডকাস্টে অংশ নিয়ে বৈশ্বিক ভূ-রাজনীতি, মুসলিম উম্মাহর উত্থান-পতনের ইতিহাস এবং সমসাময়িক প্রেক্ষাপট বিশ্লেষণকালে তিনি এসব কথা বলেন।
মুফতি কাজী ইব্রাহিম ইতিহাসের ধারাবাহিকতা তুলে ধরে বলেন, ১৯২৪ সালে উসমানীয় খেলাফত বিলুপ্তির মাধ্যমে মুসলিম বিশ্বের জন্য যে বিপর্যয় ও দুর্দশার শতাব্দীর শুরু হয়েছিল, ২০২৪ সালে এসে তার শতবর্ষ পূর্ণ হয়েছে। হাদিসের আলোকে প্রতি শতাব্দীতে ধর্ম ও জাতির সংস্কার সংক্রান্ত বর্ণনার কথা উল্লেখ করে তিনি জানান, আরবি ও ইংরেজি উভয় হিসাবের শতবর্ষের চক্র সম্পন্ন হওয়ার পর বর্তমান বিশ্বব্যবস্থায় মুসলিমদের অনুকূলে দৃশ্যমান পরিবর্তনের আভাস মিলছে।
বিগত এক শতাব্দীতে মুসলিম জাতি বহু নিপীড়ন, ধ্বংসযজ্ঞ ও প্রতিকূলতার মুখোমুখি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নতুন শতাব্দীতে তাদের জন্য সৌভাগ্যের দ্বার উন্মোচিত হতে যাচ্ছে। তাঁর ভাষ্যমতে, বর্তমান সময় থেকে মুসলিমরা ক্রমান্বয়ে উন্নতির দিকে ধাবিত হবে এবং যারা তাদের অগ্রগতিতে বাধা সৃষ্টি বা শত্রুতা করতে চাইবে, তারা নিজেরাই বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে। বরং অমুসলিমদের জন্য মুসলিমদের সাথে সমঝোতা ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখাই অধিক কল্যাণকর হবে বলে তিনি অভিমত দেন।
তিনি আশা প্রকাশ করেন, এই পটপরিবর্তনের ধারাবাহিকতায় ফিলিস্তিন সংকটসহ বিশ্বজুড়ে মুসলিমদের বিভিন্ন অমীমাংসিত সংকটে দ্রুত ইতিবাচক ও দৃশ্যমান অগ্রগতি আসবে।
উক্ত আলোচনায় আধুনিক বিজ্ঞানের সাথে কোরআন ও হাদিসের মেলবন্ধন, পশ্চিমা সভ্যতার বর্তমান রূপ এবং ইসলামের ভবিষ্যৎ নিয়েও বিস্তারিত আলোকপাত করেন এই আলোচক।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন