বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬,
মঞ্চ নাটক

শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হলো নাট্য সংগঠন বটতলার আলোচিত নাটক ‘সখী রঙ্গমালা’

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৭, ২০২৬, ১০:১৬ পিএম

শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হলো নাট্য সংগঠন বটতলার আলোচিত নাটক ‘সখী রঙ্গমালা’

নাট্য সংগঠন বটতলা শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন করল দলটির সপ্তদশ প্রযোজনার নাটক ‘সখী রঙ্গমালা’। আজ বুধবার সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে নাটকটি মঞ্চস্থ হয়।

‘সখী রঙ্গমালা’ নাটকের আখ্যানের শেকড় বোনা রয়েছে নোয়াখালীর অঞ্চলের কিংবদন্তি ‘চৌধুরীর লড়াই’-এর পটভূমিতে। প্রজন্মান্তরে বহু লোকশ্রুত ও নন্দিত এই লোকজ আখ্যান নতুন ভাষ্য পেয়েছে শাহীন আখতারের উপন্যাস ‘সখী রঙ্গমালা’-তে। বটতলায় এই উপন্যাসের মঞ্চভ্রমণের পরিসর রচনায় নাটকটির নাট্যরূপ দিয়েছেন সামিনা লুৎফা নিত্রা ও সৌম্য সরকার। নাটকটির নির্দেশনায় দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ আলী হায়দার।

নাটকটিতে ফুটিয়ে তোলা হয়েছে যে ভালোবাসাই বেঁচে থাকার আসল শক্তি। সে ভালোবাসা মানুষে মানুষে হতে পারে, আবার হতে পারে মানুষ ও প্রকৃতির মাঝে। ভালোবাসা বা প্রেমের কোনো নির্দিষ্ট গন্ডি নেই এবং একে কোনো বিশেষ ছকে বাঁধা যায় না—এমনকি তথাকথিত শত্রুর জন্যও মন ব্যাকুল হতে পারে এবং তাকে আঁকড়ে ধরে একটি গোটা জীবন পার করা যায়। হিংসা নয়, বরং ভালোবাসাই যে কেবল মুক্তি আনতে পারে, নারী-পুরুষ বা ক্ষমতার রাজনীতির বাইরে দাঁড়িয়ে ভিন্ন এক রাজনীতিও যে জীবনের জন্য মুখ্য হয়ে উঠতে পারে, ‘সখী রঙ্গমালা’ নাটকে দর্শকদের মনে সেই আভাসের কথাই ফুটিয়ে তোলা হয়েছে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দলের নিয়মিত শিল্পীরা।

আগামীকাল বৃহস্পতিবার একই সময়ে একই মিলনায়তনে নাটকটির দ্বিতীয় মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। অন্যদিকে, আজ বুধবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয়েছে দেশ নাট্যদলের পঞ্চম প্রযোজনার নাটক ‘এবং অবশেষে’।