অক্টোবর ১১, ২০২৬, ০৫:২৮ পিএম
সৌদি আরবের পবিত্র ভূমিতে হামলা এবং ওমরাহযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। রোববার (১১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি পবিত্র মক্কা ও মদিনার সুরক্ষার জন্য বিশেষ দোয়ার আহ্বান জানান।
ফেসবুক বার্তায় তিনি কাবার মালিকের দরবারে মক্কা ও মদিনাকে হেফাজত করার আরজি জানান। মাওলানা মিজানুর রহমান আজহারী উল্লেখ করেন, মক্কা ও মদিনা কেবল কোনো সাধারণ ভৌগোলিক স্থান নয়, বরং এই দুই পুণ্যনগরী সমগ্র মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন। পবিত্র এই ভূমিতে কোনো ধরনের আক্রমণ এবং সেখানে অবস্থানরত নিরপরাধ ওমরাহযাত্রীদের সার্বিক নিরাপত্তা ক্ষুণ্ণ হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও বেদনাদায়ক।
আল্লাহর কাছে বিশেষ মর্যাদাপ্রাপ্ত এই ভূমির সম্মান ও পবিত্রতা নষ্ট করার পরিণতি ভয়াবহ হতে পারে বলেও তিনি সতর্ক করেন। পোস্টের শেষাংশে সব ধরনের অনিষ্ট ও ক্ষয়ক্ষতি থেকে মক্কা-মদিনাকে সুরক্ষিত রাখার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানান এই ইসলামি বক্তা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন