নভেম্বর ২৫, ২০২৬, ০৬:৫৮ পিএম
শুধু প্রচলিত চাকরির পেছনে না ছুটে নিজেদের জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির চিন্তা করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পেশাগত জীবনে সাফল্য অর্জনের পাশাপাশি দেশের উন্নয়নেও ভূমিকা রাখার কথা বলেছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) ঢাকার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কাউন্সিল অব এমআইএসটির ১৯তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, পেশাগত জীবনে সাফল্য অর্জন যেমন গুরুত্বপূর্ণ, দেশের প্রতি দায়িত্ব পালনও সমান গুরুত্বপূর্ণ। নিজের জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে দেশের বিভিন্ন সমস্যার সমাধান, বিদ্যমান ব্যবস্থার উন্নয়ন এবং অন্যদের জন্য নতুন সুযোগ তৈরিতে কাজ করতে হবে।
প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই সময়ে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। তার মতে, দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এমন দক্ষ পেশাজীবী প্রয়োজন, যারা শুধু প্রযুক্তিগতভাবে যোগ্য নন, একই সঙ্গে সৎ, উদ্ভাবনী এবং দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।
ড. আ ন ম এহছানুল হক মিলন আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একটি শক্তিশালী ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠীকে জাতীয় উন্নয়নের চালিকাশক্তি হিসেবে গড়ে তোলাই ছিল তাদের লক্ষ্য। এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ চলছে বলে জানান তিনি। শিক্ষার মানোন্নয়ন, গবেষণা ও উদ্ভাবনের প্রসার এবং তরুণ প্রজন্মকে আধুনিক প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
কর্মসংস্থান খুঁজে পাওয়াকে অনেক সময় বড় চ্যালেঞ্জ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, প্রতিটি চ্যালেঞ্জের মধ্যেই নতুন সম্ভাবনা ও সুযোগ থাকে। তাই তরুণদের শুধু প্রচলিত চাকরির চিন্তায় সীমাবদ্ধ থাকলে চলবে না।
নিজেদের জ্ঞান, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলার তাগিদ দেন তিনি। একই সঙ্গে অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।
তরুণ প্রজন্মের দক্ষতা ও নতুন ধারণা কাজে লাগানো গেলে দেশে নতুন শিল্প গড়ে উঠবে এবং অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট নাট্য অভিনেতা আবুল হায়াত। এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন