বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,
শিক্ষা বৃত্তি

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন শুরু ২৬ নভেম্বর

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৬, ০২:২৩ পিএম

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন শুরু ২৬ নভেম্বর

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য অনলাইনে তথ্য অন্তর্ভুক্তির কার্যক্রম আগামী ২৬ নভেম্বর শুরু হচ্ছে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় এই প্রক্রিয়া চলবে আগামী ১২ ডিসেম্বর রাত ১০টা পর্যন্ত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৬ নভেম্বর সকাল ৯টা থেকে শিক্ষার্থীদের তথ্য অন্তর্ভুক্ত করা যাবে।

এই কর্মসূচিতে ছাত্রীদের শতভাগ উপবৃত্তি দেওয়া হবে এবং ছাত্রদের ক্ষেত্রে দারিদ্র্য ও মেধার ভিত্তিতে উপবৃত্তি ও অন্যান্য আর্থিক সহায়তার জন্য নির্বাচন করা হবে।

বিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রথমে নির্ধারিত আবেদন ফরমে শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে। এরপর প্রতিষ্ঠানের বাছাই কমিটি আবেদন ও তথ্য যাচাই করে যোগ্য শিক্ষার্থীদের তথ্য সমন্বিত উপবৃত্তি ব্যবস্থাপনা সফটওয়্যারে অন্তর্ভুক্ত করবে। প্রতিষ্ঠান থেকে এসব তথ্য সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানোর শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১২ ডিসেম্বর রাত ১০টা। পরবর্তীতে উপজেলা বা মহানগর এলাকার উপদেষ্টা কমিটির সুপারিশ করা শিক্ষার্থীদের তালিকা ১৩ ডিসেম্বর রাত ১০টার মধ্যে ট্রাস্টে পাঠাতে হবে।

নির্ধারিত সময়সীমা পার হলে নতুন করে কোনো শিক্ষার্থীর তথ্য অন্তর্ভুক্ত বা পাঠানোর সুযোগ থাকবে না বলে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে। তাই নির্দিষ্ট সময়ের মধ্যেই আবেদন সংগ্রহ, যাচাই ও তথ্য পাঠানোর পুরো প্রক্রিয়া শেষ করতে হবে।

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির সফটওয়্যার এইচএসপি-এমআইএসে প্রথমবার প্রবেশের জন্য কর্মসূচিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান এবং উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের ‘ফরগট পাসওয়ার্ড’ অপশনে ক্লিক করে নতুন পাসওয়ার্ড তৈরি ও ইউজার অ্যাকাউন্ট সক্রিয় করতে হবে।

উপবৃত্তি-সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধানে সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে ট্রাস্টের নির্ধারিত ই-মেইল ঠিকানা [email protected]এ যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া অফিস চলাকালীন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ০১৯১৬৬৫৮২৩০ এবং ০১৩১৬৬৫৮৫২৯ নম্বর হেল্পলাইনে যোগাযোগ করেও প্রয়োজনীয় তথ্য ও সহায়তা নেওয়া যাবে।