নভেম্বর ২৫, ২০২৬, ১২:৩৯ পিএম
দক্ষিণ আফ্রিকার সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার অনিল সুকলাল। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সক্রিয়ভাবে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার হাইকমিশনারের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল।
বৈঠকে দুই দেশের বিমান যোগাযোগ সম্প্রসারণ ও পর্যটন খাতের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সাক্ষাৎকালে দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে দেশটিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনার বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়।
জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী বলেন, দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির যাতায়াতের সুবিধার্থে দেশটির জোহানেসবার্গ ও কেপটাউনের সঙ্গে বিমান যোগাযোগ বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এসব রুটে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করবে বলে তিনি জানান।
পর্যটন খাতের সম্ভাবনার কথা উল্লেখ করে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্বব্যাপী পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। উভয় দেশের পর্যটন খাতের পারস্পরিক উন্নয়ন, সাংস্কৃতিক বিনিময় এবং পর্যটক আদান-প্রদান বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সাক্ষাৎকালে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার অনিল সুকলাল দুই দেশের পর্যটন খাতের উন্নয়নে সমন্বয়, অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন