নভেম্বর ২৫, ২০২৬, ১১:৫৭ এএম
দিনাজপুর সীমান্তে ২৯ বিজিবির অভিযানে ছয় লাখ টাকা মূল্যের দুই হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) ভোর পৌনে ৪টার দিকে দিনাজপুর সদর থানার অন্তর্গত ভাতখৈর এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ বড়গ্রাম সীমান্ত ফাঁড়ির সদস্যরা মালিকবিহীন অবস্থায় এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত তৎপরতার অংশ হিসেবে বড়গ্রাম সীমান্ত ফাঁড়ির দায়িত্বপূর্ণ ভাতখৈর স্থানে অভিযান চালানো হয়। অভিযানের সময় পরিত্যক্ত বা মালিকবিহীন অবস্থায় দুই হাজার পিস ভারতীয় টেনসিউইন ট্যাবলেট পাওয়া যায়, যার সিজার মূল্য ছয় লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের লক্ষ্যে ব্যাটালিয়নটি দৃঢ়তা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন