নভেম্বর ২৫, ২০২৬, ১১:১১ এএম
ইসরায়েলের সরকার গঠনে প্রথম জোটসঙ্গী পেয়েছেন সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকোট। তাঁর নেতৃত্বাধীন ইয়াশার পার্টি ডানপন্থি বিরোধী দল ইসরায়েল আওয়ার হোমের সঙ্গে জোট গঠনের সমঝোতায় পৌঁছেছে। ইসরায়েল আওয়ার হোমের প্রধান আভিগদর লিবারম্যানের সঙ্গে এই চুক্তির ফলে সরকার গঠনের পথে এক ধাপ এগিয়েছেন আইজেনকোট, যদিও ১২০ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে এখনো তাঁর আরও কয়েকটি দলের সমর্থন প্রয়োজন।
অন্যদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গেও জাতীয় ঐক্যের সরকার গঠনের বিষয়ে আলোচনা চলায় দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) আভিগদর লিবারম্যানের সঙ্গে বৈঠক করেন ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট এবং বৈঠক শেষে দুই দল জোট গঠনে সম্মত হয়। গত ২৭ অক্টোবরের নির্বাচনের পর নতুন সরকার গঠনের লক্ষ্যে এটিই প্রথম আনুষ্ঠানিক জোটসংক্রান্ত সমঝোতা। ওই নির্বাচনে কোনো দলই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন না পাওয়ায় গত ১০ নভেম্বর নতুন সরকার ছাড়াই শপথ নেয় ইসরায়েলের পার্লামেন্ট। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু সংখ্যাগরিষ্ঠতা হারান, তবে বিরোধী দলগুলোও সরকার গঠনের মতো পর্যাপ্ত আসন নিশ্চিত করতে পারেনি।
এমন পরিস্থিতিতে সব পক্ষের সঙ্গে আলোচনা শেষে নতুন সরকার গঠনের দায়িত্ব আইজেনকোটকে দেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ, আর তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের প্রচলিত আইন অনুযায়ী, সরকার গঠনের জন্য আইজেনকোটকে ২৮ দিন সময় দেওয়া হয়েছে এবং আগামী ৬ ডিসেম্বরের মধ্যে তাঁকে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রয়োজনে তিনি আরও ১৪ দিন সময় বাড়ানোর আবেদন করতে পারবেন। এই নির্ধারিত সময়ের মধ্যে আইজেনকোট সরকার গঠনে ব্যর্থ হলে পরবর্তী সুযোগ পাবেন নেতানিয়াহু, আর তিনিও ব্যর্থ হলে আগামী বছর দেশটিতে আবারও নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
নির্বাচনের ফলাফলে দেখা গেছে, নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি লিকুদ পার্টি উগ্র ডানপন্থি ও কট্টর অর্থোডক্স দলগুলোর সঙ্গে জোট করে প্রত্যাশার চেয়ে ভালো ফল করলেও সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারেনি; বর্তমানে এই জোটের আসনসংখ্যা ৫৩। অন্যদিকে মধ্য-ডানপন্থি ইয়াশার পার্টি ও লিবারম্যানের সম্ভাব্য জোটসঙ্গীদের সম্মিলিত আসনসংখ্যা ৪৮। তবে সরকার গঠনের জন্য আরব সংখ্যালঘুদের প্রতিনিধিত্বকারী দলগুলোর সমর্থন পাওয়ার সম্ভাবনাও রয়েছে আইজেনকোটের, যাদের হাতে রয়েছে ১৯টি আসন এবং নেতানিয়াহুর বিরোধিতার প্রশ্নে দলগুলোর সঙ্গে তাঁর অবস্থানের মিল রয়েছে।
নির্বাচনে আইজেনকোটের ইয়াশার পার্টি ২১টি এবং লিবারম্যানের ইসরায়েল আওয়ার হোম সাতটি আসন পেয়েছে। তাঁদের এই জোট গঠনের সিদ্ধান্তকে রাজনৈতিক অঙ্গনে কিছুটা বিস্ময়কর হিসেবে দেখা হচ্ছে, কারণ আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠন এবং নেতানিয়াহুর সঙ্গে জাতীয় ঐক্যের সরকার—দুটিরই বিরোধিতা করে আসছিলেন লিবারম্যান। এর আগে লিবারম্যান জানিয়েছিলেন, তাঁর প্রধান লক্ষ্য নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানো।
এদিকে আইজেনকোট, তাঁর ‘পরিবর্তনপন্থি জোটের’ কয়েকজন শরিক এবং নেতানিয়াহুর লিকুদ পার্টির মধ্যে জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়ে আলোচনা এগিয়ে যাওয়ায় বিরোধী শিবিরের ভেতরে মতপার্থক্য দেখা দিয়েছে। এর জেরে আটটি আসন পাওয়া বামপন্থি ডেমোক্র্যাটস পার্টি আইজেনকোটের সঙ্গে আপাতত আলোচনা স্থগিত করার ঘোষণা দিয়েছে। ডেমোক্র্যাটস পার্টির প্রধান ইয়ার গোলান জানিয়েছেন, তিনি নেতানিয়াহুকে বাদ দিয়ে আরব দলগুলোকে সঙ্গে নিয়ে সরকার গঠনের পক্ষে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন