নভেম্বর ২৫, ২০২৬, ০৮:২২ এএম
তেল ও রাসায়নিকবাহী অন্তত ৫০টি বাণিজ্যিক জাহাজে সাইবার হামলার ঘটনা তদন্ত করছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের সন্দেহ, এসব হামলার পেছনে ইরান থাকতে পারে। তবে হামলার দায় এখনো প্রমাণিত হয়নি।
সোমবার (২৩ নভেম্বর) ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তদন্তের কথা প্রকাশ পায়। এশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে আসা জাহাজগুলো সাম্প্রতিক সপ্তাহগুলোতে এসব হামলার শিকার হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারীরা জাহাজে বহুল ব্যবহৃত ফর্টিনেট রাউটারের একটি পরিচিত দুর্বলতা কাজে লাগিয়ে নেটওয়ার্কে ঢুকেছে। সেপ্টেম্বর মাসে এফবিআই ও কোস্ট গার্ড যৌথ সতর্কবার্তায় এই ঝুঁকির কথা শিপিং খাতকে জানিয়েছিল।
কয়েকটি জাহাজে বোমা হামলার হুমকি ও মুক্তিপণ দাবির বার্তাও পাঠানো হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে আসা অন্তত চারটি জাহাজে কোস্ট গার্ডের সাইবার সুরক্ষা দল উঠে পরীক্ষা চালিয়েছে। গত আগস্টে টেক্সাসমুখী দুটি ট্যাংকারের ন্যাভিগেশন ব্যবস্থায় অনুপ্রবেশের ঘটনায় এফবিআই ও কোস্ট গার্ডের দল জাহাজে উঠেছিল।
তবে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, ইরানের জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তদন্তে রাশিয়ার সম্ভাব্য ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। জাহাজ খাতের বিশ্লেষক লার্স জেনসেনের মতে, হ্যাক করে জাহাজে বিস্ফোরণ ঘটানো বা সেতুতে ধাক্কা দেওয়ার মতো পরিস্থিতি বাস্তবসম্মত নয়; আসল ঝুঁকি হলো জাহাজের কার্যক্রম ব্যাহত হওয়া ও মুক্তিপণ দাবি।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ ও হারেৎজ

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন