নভেম্বর ২৫, ২০২৬, ০৭:৪৭ এএম
জাপিত জীবন ছবি দিয়ে বড় পর্দায় ফিরেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটিতে তিনি অভিনয় করেছেন আনজুম চরিত্রে। দেশভাগ আর ভাষা আন্দোলনের গল্প উঠে এসেছে একটি পরিবারের জীবনের ভেতর দিয়ে।
শুক্রবার (২০ নভেম্বর) সারা দেশের প্রায় ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জাপিত জীবন। ছবিটি পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম হাবিব।
ভাবনার কাছে ছবিটি বিশেষ আরেকটি কারণে। বাবার পরিচালনায় তাঁর অভিনীত প্রথম ছবি এটি। আউটডোর শুটিংয়ে টানা ২৫ দিন একসঙ্গে কাটিয়েছেন বাবা-মেয়ে, যা আগে কখনো হয়নি।
ভাবনা বলেন, শুটিংয়ের সময় বাবাকে তিনি পরিচালক হিসেবেই দেখেছেন, অভিভাবক হিসেবে নয়। পরিচালক যা বলেছেন, ঠিক তা-ই করেছেন তিনি। যত্ন আর ভালোবাসা দিয়ে বাবা ছবিটি বানিয়েছেন বলে জানান এই অভিনেত্রী।
উপন্যাসটি ভাবনার প্রিয় বইয়ের একটি। ছোটবেলায় দুবার পড়েছিলেন তিনি। আনজুম চরিত্রে চুক্তিবদ্ধ হওয়ার পর আরও পাঁচবার পড়েছেন।
ভাবনা বলেন, ভাষা আন্দোলন নিয়ে এ দেশে ছবি হয়েছে খুব কম। যে ভাষায় কথা বলার জন্য মানুষ প্রাণ দিয়েছেন, সেই ইতিহাস নিয়ে হাতে গোনা কয়েকটি ছবির তালিকায় জাপিত জীবন যুক্ত হলো। এর অংশ হতে পেরে তিনি খুশি।
ছবিটিতে আরও অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা আফজাল হোসেন। তাঁর সঙ্গে কাজ করে অনেক কিছু শিখেছেন বলে জানিয়েছেন ভাবনা।
জাপিত জীবন ছাড়াও ভাবনার আরও পাঁচটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন