নভেম্বর ২৫, ২০২৬, ০৭:৫৯ এএম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা আরও চোরাগোপ্তা হামলা ও নাশকতা চালাতে পারেন বলে আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সদর দপ্তর সীমান্তবর্তী ৩০ জেলার পুলিশকে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে।
এই সতর্কতার কথা বুধবার (২৫ নভেম্বর) জানা গেছে। পুলিশ সদর দপ্তর-সংশ্লিষ্ট সূত্র বলছে, গত দুই মাসে নাশকতার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং তাঁদের মুঠোফোনের কথোপকথন ও বার্তা বিশ্লেষণ করে হামলার পরিকল্পনার তথ্য পাওয়া গেছে। সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারেন বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতা - তাঁদের ইতিমধ্যে সতর্ক করা হয়েছে।
নির্দেশনায় সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে সমন্বয় করে নজরদারি, টহল ও তল্লাশি বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা তথ্য সংগ্রহে গুরুত্ব দিতে বলা হয়েছে। দেশের ৬৪ জেলার মধ্যে ৩২টি সীমান্তবর্তী, এর মধ্যে ৩০টির সঙ্গে ভারতের সীমান্ত রয়েছে। সীমান্ত দিয়ে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আনার পাশাপাশি ভারতে অবস্থানরত নেতা-কর্মীদের কেউ কেউ দেশে ঢুকে নাশকতায় অংশ নিতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা বলেন, সীমান্তবর্তী এলাকায় বিজিবির সঙ্গে সমন্বয় করে যৌথ নজরদারি, নিয়মিত টহল, চেকপোস্টে তল্লাশি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কে নজরদারি বাড়ানো হয়েছে, পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হচ্ছে।
কামারুম মুনিরা আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতা, অবৈধ অনুপ্রবেশ ও বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় অন্যান্য বাহিনীর সঙ্গেও সমন্বয় করে কাজ চলছে।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ১৩ দিনে দেশের বিভিন্ন স্থানে ৮৩টি পরিবহনে আগুন দেওয়া হয় এবং ৮৭টি স্থানে চোরাগোপ্তা ককটেল নিক্ষেপ করা হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত `লকডাউন` কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকাসহ বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে - গোপালগঞ্জে দুটি থানা এবং বিএনপির দুজন সংসদ সদস্যের বাড়িতেও হামলা হয়। এখন ২৯ ও ৩০ নভেম্বর নতুন লকডাউন কর্মসূচির কথা অনলাইনে প্রচার করা হচ্ছে। আওয়ামী লীগের নতুন কর্মসূচি ও শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বর পর্যন্ত নাশকতা চলতে পারে বলে আশঙ্কা করছেন বাহিনীর কর্মকর্তারা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী-সংশ্লিষ্ট সূত্র বলছে, রাজনৈতিক নেতাদের পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগ ও সম্পদের ক্ষতিসাধনের পরিকল্পনার তথ্যও পাওয়া গেছে। এ বিষয়ে সারা দেশে বাহিনীগুলোকে সতর্ক করা হয়েছে।
সীমান্তবর্তী জেলাগুলোর মধ্যে সাতক্ষীরা, সুনামগঞ্জ, সিলেট ও কুমিল্লা জেলা পুলিশকে বাড়তি নজর রাখতে বলা হয়েছে। সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম বলেন, সীমান্তে অবৈধ পারাপারের সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর নজরদারি করা হচ্ছে - গত এক সপ্তাহে পাঁচজন দালালকে গ্রেপ্তার করা হয়েছে, অভিযান অব্যাহত রয়েছে।
কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে সীমান্তে যৌথ অভিযান চলছে। এই সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করে কাউকে নাশকতা করতে দেওয়া হবে না।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের আটটি জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গোপালগঞ্জে মোতায়েন রয়েছে দুই ব্যাটালিয়ন বিজিবি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন