বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,

মৃত্যুর ৩৫ বছর পরও চ্যাম্পিয়ন ফ্রেডি মার্কারি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৬, ০৭:১৯ এএম

মৃত্যুর ৩৫ বছর পরও চ্যাম্পিয়ন ফ্রেডি মার্কারি

মঞ্চে তিন রূপে কুইন ব্যান্ডের কণ্ঠশিল্পী ফ্রেডি মার্কারি।

কিংবদন্তি রক ব্যান্ড কুইনের কণ্ঠশিল্পী ফ্রেডি মার্কারির মৃত্যুর ৩৫ বছর পূর্ণ হয়েছে। তিন দশকের বেশি সময় পেরিয়ে গেলেও তাঁর গান আর মঞ্চের সেই অভাবনীয় উপস্থিতি আজও বিশ্বজুড়ে শ্রোতাদের মুগ্ধ করে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ছিল এই শিল্পীর ৩৫তম মৃত্যুবার্ষিকী। ১৯৯১ সালের এই দিনে লন্ডনে নিজ বাড়িতে মারা যান ফ্রেডি মার্কারি। মৃত্যুর কিছুদিন আগেই গানে গানে তিনি রেখে গিয়েছিলেন তাঁর শেষ আবদার, দ্য শো মাস্ট গো অন।

১৯৪৬ সালে পূর্ব আফ্রিকার জাঞ্জিবারে জন্ম ফ্রেডি মার্কারির। জরথুস্ত্র ধর্মানুসারী পরিবারে তাঁর পারিবারিক নাম ছিল ফারুখ বুলসারা। পড়াশোনার জন্য তাঁকে পাঠানো হয় ভারতের বোম্বাইয়ের কাছে পাঁচগনির সেন্ট পিটার্স বোর্ডিং স্কুলে। সেখানেই সংগীতে হাতেখড়ি, সেখানেই পিয়ানো শেখা।

১৯৬৪ সালে পরিবারটি পাড়ি জমায় ইংল্যান্ডে। ইয়েলিং আর্ট কলেজে ফাইন আর্টসে ডিগ্রি নেওয়ার পাশাপাশি জীবিকার তাগিদে হিথরো বিমানবন্দরে প্যাকেজ হ্যান্ডলিংয়ের কাজও করেছেন ফ্রেডি। ১৯৭০ সালে তিনি যোগ দেন স্মাইল ব্যান্ডে। কিছুদিন পর ব্যান্ডের নতুন নাম হয় কুইন।

এরপর একে একে সৃষ্টি হয় বোহিমিয়ান র‍্যাপসোডি, ডোন্ট স্টপ মি নাউ, কিলার কুইন, উই আর দ্য চ্যাম্পিয়নস ও উই উইল রক ইউর মতো কালজয়ী গান। তাঁর গাওয়া উই আর দ্য চ্যাম্পিয়নস ক্রীড়া অনুষ্ঠানে বিজয়ীর থিম সং হয়ে গেছে। বাংলাদেশের রকশিল্পী জেমসের জনপ্রিয় দুরন্ত মেয়ে গানটিও গাওয়া ফ্রেডি মার্কারির আই ওয়ান্ট টু ব্রেক ফ্রি গানের সুরে।

১৯৮৫ সালের ১৩ জুলাই লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে লাইভ এইড কনসার্টে কুইনের ২৫ মিনিটের পরিবেশনাকে বলা হয় ইতিহাসের অন্যতম সেরা লাইভ পারফরম্যান্স। ইথিওপিয়ার দুর্ভিক্ষপীড়িত মানুষের জন্য তহবিল গড়তে আয়োজিত ওই কনসার্টে মাঠে ছিলেন ৮০ হাজারের বেশি দর্শক। আঙুলের ইশারায় পুরো স্টেডিয়ামকে নিয়ন্ত্রণ করেছিলেন ফ্রেডি।

জন্ম থেকেই চোয়ালে চারটি অতিরিক্ত দাঁত থাকায় তাঁর সামনের দাঁত ছিল বেশ উঁচু। অস্ত্রোপচারে কণ্ঠস্বর বদলে যেতে পারে, এই ভয়ে সারা জীবন এভাবেই গান গেয়ে গেছেন তিনি।

১৯৮৬ সালের অক্টোবরে রক্তপরীক্ষায় ফ্রেডি জানতে পারেন, তিনি এইচআইভি পজিটিভ। তাঁর ইচ্ছাপত্র অনুযায়ী মৃতদেহের ভস্ম হস্তান্তর করা হয় ম্যারি অস্টিনের কাছে।