নভেম্বর ২১, ২০২৬, ১০:৫১ এএম
কলকাতা ও শিলিগুড়িতে ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেড পরিচালিত বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র আগামী ৩০ নভেম্বরের পর বন্ধ থাকবে।
চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বাংলাদেশ সরকার প্রতিষ্ঠানটির সঙ্গে ভিসা আউটসোর্সিং চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে বলে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আগামী ৩০ নভেম্বরের পর থেকে ডিইউ ডিজিটাল পরিচালিত ওই দুই কেন্দ্রে কোনো ধরনের ভিসার আবেদন জমা না দিতে আবেদনকারী ও সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।
নতুন ভিসা আবেদন কেন্দ্রের ঠিকানা এবং পরিচালনাকারী প্রতিষ্ঠানের নাম দ্রুত সময়ের মধ্যে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ খালেদ গণমাধ্যমকে জানিয়েছেন, নতুন আউটসোর্সিং প্রতিষ্ঠানের কাছে কাজটি যাবে এবং কোন ঠিকানা বা প্রতিষ্ঠানে আবেদন করতে হবে তা সোম বা মঙ্গলবারের মধ্যে জানানো হবে, যাতে ভিসা আবেদন প্রক্রিয়া বাধাগ্রস্ত না হয়।
উপ-হাইকমিশনের সূত্রের বরাতে জানা গেছে, কোভিড-১৯ মহামারীর আগে প্রতি মাসে গড়ে ১৫ হাজার ভিসা ইস্যু হতো, যা দুর্গাপূজার সময় ২০ থেকে ২২ হাজারে পৌঁছাত। দুই দেশের সম্পর্কের টানাপড়েনের প্রেক্ষাপটে বর্তমানে ভিসা ইস্যুর সংখ্যা মাসিক কয়েকশতে নেমে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আগামী ১ ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গের কলকাতা ও শিলিগুড়িতে ডিইউ ডিজিটালের বর্তমান ঠিকানায় বাংলাদেশি ভিসার আবেদন গ্রহণ কার্যক্রম বন্ধ থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন