নভেম্বর ২১, ২০২৬, ১০:৩৮ এএম
বিমান খাতের উন্নয়ন, বিদেশি বিনিয়োগ টানা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদারে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা। শুক্রবার রাতে কানাডার মন্ট্রিলে সংস্থাটির অ্যাসেম্বলির ৪৩তম বিশেষ অধিবেশনের সাইডলাইনে এই সমঝোতার পথ তৈরি হয়।
সেখানে মহাসচিব জুয়ান কার্লোস সালাজার গোমেজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বৈঠকে বাংলাদেশের বিমান পরিবহন খাতের সামগ্রিক অগ্রগতি, বিনিয়োগের সুযোগ, প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করা, পরিবেশগত স্থায়িত্ব এবং নতুন প্রযুক্তির ব্যবহার নিয়ে বিস্তারিত কথা হয়। সংস্থাটির সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা আরও বাড়ানোর ওপর জোর দেন মহাসচিব।
বৈশ্বিক বিমান পরিবহন খাতের ক্রমবর্ধমান চাহিদা সামাল দিতে আগামী ২৫ বছরে প্রায় ১০ ট্রিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ প্রয়োজন হবে বলে বৈঠকে জানান জুয়ান কার্লোস সালাজার গোমেজ। এ বিপুল চাহিদা মেটাতে বিমানবন্দর অবকাঠামো ও বিমান পরিবহন সেবার উন্নয়নে বেসরকারি খাতের অংশগ্রহণ এবং বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন তিনি। মহাসচিবের মতে, পরিবেশগত স্থায়িত্ব ও অ্যাডভান্সড এয়ার মোবিলিটির মতো নতুন প্রযুক্তির ক্ষেত্রেও বাংলাদেশের কাজ করার সুযোগ রয়েছে।
দেশের বিমান পরিবহন খাতকে আধুনিক, নিরাপদ ও টেকসই রূপে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বাড়ানোয় আইকাওয়ের সহযোগিতা চান মন্ত্রী। কারিগরি দক্ষতার উন্নয়ন, বিমান চলাচলের নিরাপত্তা তদারকি, পরিদর্শকদের প্রশিক্ষণ এবং সংশ্লিষ্টদের পেশাগত দক্ষতা বাড়াতে সহায়তা চেয়েছেন তিনি।
বৈঠকে মন্ত্রী জানান, দেশের বিমান পরিবহন খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ খাতের অগ্রগতিতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও প্রাতিষ্ঠানিক সমর্থন দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।
কারিগরি সহযোগিতা, বিনিয়োগ সম্প্রসারণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে দুই পক্ষ। বৈঠকে কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. জসীম উদ্দিনসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন