নভেম্বর ২১, ২০২৬, ১০:২৯ এএম
মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ও রাসায়নিক ব্যবহার করে প্রসাধনী উৎপাদনের দায়ে জামালপুরের মেলান্দহ উপজেলার গ্রীন বায়োটেকনোলজি নামের একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার মুন্সি নাংলা এলাকায় অবস্থিত কারখানাটিতে অভিযান চালিয়ে এই দণ্ড দেয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ উপকরণ জব্দ করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি বায়োজিন ব্র্যান্ডের বিভিন্ন প্রসাধনী সামগ্রী প্রস্তুত করে থাকে। বুধবার দুপুরে উৎপাদন কার্যক্রম পরিদর্শনে সেখানে আকস্মিক অভিযান চালানো হয়। তল্লাশির সময় কারখানাটিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ও রাসায়নিকের মজুত পাওয়া যায়, যেগুলোর মেয়াদ ছয় মাস থেকে এক বছর আগেই শেষ হয়ে গিয়েছিল।
অভিযান পরিচালনাকারী দল জব্দ করা মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ও রাসায়নিক ধ্বংস করার উদ্যোগ নিয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার বিষয়ে সতর্ক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় আনসার ব্যাটালিয়নের তিন সদস্যের একটি দল উপস্থিত ছিল।
অভিযান শেষে সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানটি যে কাজটি করছে তা অবিশ্বাস্য, কারণ যেসব রাসায়নিক দিয়ে পণ্য তৈরি হচ্ছে সেগুলোরই মেয়াদ নেই। এতে ভোক্তাদের অধিকার সরাসরি ক্ষুণ্ন হয়েছে। জব্দ করা কাঁচামালগুলো ধ্বংস করা হবে এবং আইন অনুযায়ী জরিমানা করার পাশাপাশি ভবিষ্যতে মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। তথ্যসূত্র: এশিয়া পোস্ট।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন