নভেম্বর ২১, ২০২৬, ১১:৩৬ এএম
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে আবদুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে রাহাত সাইফুল বিজয়ী হয়েছেন। শুক্রবার অনুষ্ঠিত ভোটে সভাপতি পদে ৫৭ ভোট এবং সাধারণ সম্পাদক পদে ৯২ ভোটের ব্যবধানে জয় পান তারা।
সভাপতি পদে ২৪৬ ভোট পেয়েছেন আবদুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল হাসান দর্পণ পেয়েছেন ১৮৯ ভোট, আর কাজী ফারুক বাবুল পেয়েছেন ৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে রাহাত সাইফুলও পেয়েছেন ২৪৬ ভোট। এই পদে আহমেদ তেপান্তর আওয়াল ১৫৪ ভোট এবং অঞ্জন রহমান ৩৬ ভোট পেয়েছেন।
সহসভাপতি পদে রিমন মাহফুজ ২৬১ ভোট এবং হামিদ মোহাম্মদ জসিম ২২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহসাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন আবু হুরায়রা মুরাদ।
সম্পাদকীয় পদগুলোর মধ্যে অর্থ সম্পাদক হয়েছেন সৈয়দা ফারজানা জামান রুম্পা ২৫৬ ভোটে, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া ২২৬ ভোটে, আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক আনিসুল হক রাসেল ২৩১ ভোটে এবং সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পান্থ আফজাল ২৪১ ভোটে। এ ছাড়া সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক পদে ইশরাত জাহান স্বর্ণা ২৪৭ ভোটে, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে তৌফিক অপু ২২৬ ভোটে এবং দপ্তর সম্পাদক পদে মহিব আল হাসান ২২৬ ভোটে নির্বাচিত হয়েছেন। সম্পাদকীয় পদগুলোর মধ্যে সবচেয়ে কম ১৯ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন তৌফিক অপু, যিনি আমিনুর ইসলাম লিটনকে হারিয়েছেন; লিটন পেয়েছেন ২০৭ ভোট।
কার্যনির্বাহী সদস্যের নয়টি পদে সর্বোচ্চ ২৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শফিকুল আলম মিলন। বাকি নির্বাচিতরা হলেন সুকন্যা আমির ২৬২ ভোট, রুহুল সাখাওয়াত ২৪৯ ভোট, রাজু আলীম ২৩৫ ভোট, অরণ্য শোয়েব ২১৮ ভোট, সালাম মাহমুদ ২১৬ ভোট, শাকিল হোসেন ২০১ ভোট, হাফিজ রহমান ১৯৩ ভোট এবং সালাম ফারুক ১৯০ ভোট।
শুক্রবারের নির্বাচনে ৫২৫ জন ভোটার ভোট দিয়েছেন। দুপুর ১২টায় ভোট শুরু হলেও জুমার নামাজের জন্য কিছুক্ষণ বিরতি দিয়ে বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
নির্বাচনে আবদুর রহমান-রাহাত সাইফুল এবং কামরুল হাসান দর্পণ-আহমেদ তেপান্তর এই দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে, আর প্রধান কমিশনারের দায়িত্ব পালন করেন এরফানুল হক নাহিদ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন