নভেম্বর ২১, ২০২৬, ১১:২০ এএম
বাংলাদেশকে বিশ্বের বুকে আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীক উপাধিতে ভূষিতদের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, উপাধির চেয়েও বড় বিষয়টি হলো একজীবনে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয় অর্জনের গৌরব সবার পক্ষে পাওয়া সম্ভব হয় না, আর সে কারণেই বীর মুক্তিযোদ্ধারা অনন্য ও অসাধারণ।
সংবর্ধনায় উপস্থিত অতিথিদের উদ্দেশে তিনি বলেন, অনুষ্ঠানে যারা এসেছেন তাদের কেউ কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, আবার কারও পরিবারের সদস্য শহীদ হয়েছেন—প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবাই সেই গৌরবের অংশীদার। তাদের বীরোচিত অভিনন্দন জানান তিনি।
লাখো মানুষের প্রাণ, অসংখ্য মা-বোনের সম্ভ্রম এবং অনেক আহত মানুষের আর্তনাদ ও পঙ্গুত্বের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ অর্জিত হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ঐতিহাসিক এই দিনে মুক্তিযুদ্ধের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর পাশাপাশি আহত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করেন এবং শহীদদের মাগফিরাত কামনা করেন।
নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে তিনি গর্বিত, আর মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের যেকোনো গৌরব ও সাফল্য তাকে আন্দোলিত করে।
স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন উল্লেখ করে তিনি বলেন, এটিও সশস্ত্র বাহিনীর জন্য একটি গর্বের বিষয়।
বিএনপি সরকারে থাকাকালে সবসময় মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে বলে জানান তিনি। বাংলাদেশকে বিশ্বের বুকে আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন