শনিবার, ২১ নভেম্বর, ২০২৬,

পীরগঞ্জ সীমান্তে ৪২ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাবলেট উদ্ধার

মো: মামুনুর রশিদ

নভেম্বর ২১, ২০২৬, ১১:২৫ এএম

পীরগঞ্জ সীমান্তে ৪২ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাবলেট উদ্ধার

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে ১০ বোতল ভারতীয় মদ ও ৪৪০ পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি। শুক্রবার দিবাগত রাতে ফকিরগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি চালানো হয়।

উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের মোট সিজার মূল্য এক লাখ তিন হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

সীমান্তজুড়ে চোরাচালান ও মাদকের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে গোয়েন্দা নজরদারি, কৌশলগত টহল এবং আকস্মিক অভিযান অব্যাহত রেখেছে বাহিনীটি। পীরগঞ্জের ওই এলাকায় সন্দেহজনক স্থানে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়।

জব্দকৃত মাদকদ্রব্যের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। চোরাচালানে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা ও অনুসন্ধানও চলমান রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানিয়েছেন, মাদক চোরাচালান ঠেকাতে বিজিবি সবসময় কঠোর ও আপসহীন। চোরাকারবারিদের যেকোনো অপতৎপরতা রুখতে সীমান্তে নজরদারি, গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান আরও বাড়ানো হবে বলে উল্লেখ করেন তিনি।

দেশের যুবসমাজকে মাদকের ছোবল থেকে বাঁচাতে বিজিবি দায়িত্ব পালনে দৃঢ়প্রতিজ্ঞ বলেও মন্তব্য করেন এই ব্যাটালিয়ন অধিনায়ক।