শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬,
আইন-শৃঙ্খলা

পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার বিপুল মাদক

মো: মামুনুর রশিদ

সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১১:৪৪ এএম

পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার বিপুল মাদক

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর পৃথক দুইটি বিশেষ অভিযানে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সীমান্তে যৌন উত্তেজক সিরাপ এবং ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার

দিনাজপুর : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।

এই ধারাবাহিক अभियाনের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২২ সেপ্টেম্বর ২০২৬, রাত ২২টা ৫০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ বৈরচুনা বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাধীন সীমান্ত পিলার ৩৩৫/৭-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংহর নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৭২ বোতল যৌন উত্তেজক সিরাপ ও ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়া আজ ২৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ০০টা ১৫ মিনিটে দিনাজপুর বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাধীন সীমান্ত মেইন পিলার ৩৪০ হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রনসিয়া নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৩৬০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য ১,৩৫,৬০০/- (এক লাখ পঁয়ত্রিশ হাজার ছয়শত) টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।