সেপ্টেম্বর ২৫, ২০২৬, ০৭:০৩ পিএম
ভারতের পাঞ্জাব রাজ্যে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে নিজের তিন সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। মিষ্টিজাতীয় খাবারের সাথে আগাছানাশক বিষ মিশিয়ে তিনি সন্তানদের খাইয়েছিলেন বলে পুলিশের তদন্তে উঠে এসেছে।
অভিযুক্ত নারীর নাম লাভপ্রিত কর। গত ২৬ আগস্ট বিষক্রিয়ার কারণে ওই নারীর ছয়, পাঁচ এবং আড়াই বছর বয়সী তিন শিশুর মৃত্যু হয়। মৃত্যুর পর প্রাথমিকভাবে খাবারে সাধারণ বিষক্রিয়া বা ফুড পয়জনিং হয়েছিল বলে ধারণা করা হলেও পুলিশের গভীরে চালানো তদন্তে ভিন্ন তথ্য বেরিয়ে আসে। তিন সন্তানের মৃত্যুর ঘটনার পরপরই পেশায় ট্রাকচালক ওই শিশুদের বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশের তদন্তে জানা যায়, রাখিবন্ধন উৎসবের সময় স্থানীয় বাজার থেকে কেনা মিষ্টি খেয়েছিল শিশুরা। পুলিশ কর্মকর্তা রাভজোত কর জানান, শিশুদের মা লাভপ্রিত কর হারজিৎ সিং নামের এক ব্যক্তির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। তদন্তকারীদের ধারণা, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের মাধ্যমে তাদের দুজনের পরিচয় হয়েছিল।
তদন্তে নেমে পুলিশ নিশ্চিত হয় যে একই দোকান থেকে মিষ্টি কিনে খাওয়া অন্য কোনো ব্যক্তি বা শিশুর অসুস্থ হওয়ার নজির মেলেনি। এরপরই কর্মকর্তাদের সন্দেহ দৃঢ় হয় এবং রাসায়নিক বিশ্লেষণে মিষ্টিতে শক্তিশালী আগাছানাশক বিষ মেশানোর বিষয়টি উদঘাটিত হয়।
তদন্তে প্রাপ্ত সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে গত ২২ সেপ্টেম্বর ওই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন