মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬,

গঙ্গার পানি বণ্টন নিয়ে নতুন চুক্তি সম্পাদনে কাজ করছে সরকার

জাতীয় ডেস্ক

নভেম্বর ১০, ২০২৬, ০৭:৪৫ পিএম

গঙ্গার পানি বণ্টন নিয়ে নতুন চুক্তি সম্পাদনে কাজ করছে সরকার

গঙ্গা নদীর পানি বণ্টনে নতুন চুক্তি সম্পাদনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। নতুন চুক্তি স্বাক্ষরের জন্য ইতিমধ্যে উচ্চপর্যায়ের একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে। এ কারিগরি কমিটি বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট যাবতীয় বিষয় বিবেচনায় নিয়ে কাজ করছে এবং ভারতকে ইতিমধ্যে কূটনৈতিক মাধ্যমে নতুন চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে আলোচনার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামানের সুনির্দিষ্ট প্রশ্নের লিখিত জবাবে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এসব কথা জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদে বৈঠকের শুরুতে এই প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়। এ সময় পানিসম্পদমন্ত্রীর অনুপস্থিতিতে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সংসদে প্রশ্নোত্তরে অংশ নেন।

মো. সেলিমুজ্জামানের প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী জানান, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ফারাক্কায় গঙ্গা নদীর পানি বণ্টন বিষয়ে ভারতের সঙ্গে ৩০ বছর মেয়াদি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। আগামী ডিসেম্বর মাসে সেই চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। ১৯৯৬ সালে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ফারাক্কায় গঙ্গার প্রবাহ দুই দেশের মধ্যে বণ্টন করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, চুক্তিটির বাস্তবায়নকাল প্রতিবছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত নির্ধারিত রয়েছে। চুক্তির সংশ্লিষ্ট ফর্মুলা অনুযায়ী ১৯৯৭ সাল থেকে ফারাক্কায় গঙ্গা নদীর প্রবাহ দুই দেশের মধ্যে সুনির্দিষ্ট নিয়মে বণ্টন করা হয়ে আসছে।

এদিকে সংসদ অধিবেশনে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলামের পৃথক এক প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী বলেন, তিস্তা নদী অববাহিকার বন্যা ব্যবস্থাপনা, নদীভাঙন রোধ, শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ, সেচ সুবিধা সম্প্রসারণ, পরিবেশ পুনরুদ্ধার ও জলবায়ু সহনশীলতা নিশ্চিত করতে একটি সমন্বিত ও টেকসই ব্যবস্থাপনার জন্য সমীক্ষা প্রকল্প গ্রহণ করা হয়েছে।

তিস্তার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করে একটি টেকসই চুক্তি স্বাক্ষরে বর্তমান সরকার সম্পূর্ণ বদ্ধপরিকর বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি আশা প্রকাশ করে বলেন, প্রতিবেশী রাষ্ট্র ভারত নদীর ইকোসিস্টেম এবং তিস্তানির্ভর এলাকার সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা নিরসনে ইতিবাচক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।