মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬,

পলাতক অপরাধীদের এনআইডি ও পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই: রিজভী

জাতীয় ডেস্ক

নভেম্বর ১০, ২০২৬, ০৬:২৬ পিএম

পলাতক অপরাধীদের এনআইডি ও পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই: রিজভী

বগুড়ায় বিজ্ঞানমেলায় বক্তব্য দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

পলাতক অপরাধীরা আইনের শাসন এড়িয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্ট পাওয়ার কোনো অধিকার রাখে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, জনগণের সামনে গণহত্যা চালিয়ে যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারা কীসের ভিত্তিতে এই সুবিধাগুলো পাওয়ার দাবি করছে?

মঙ্গলবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অডিটোরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ শীর্ষক বিজ্ঞানমেলার রাজশাহী বিভাগীয় অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সাবেক আইনমন্ত্রীর একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনার সরকারের সময় আইনমন্ত্রী বলেছিলেন ফেরারি আসামিদের বক্তব্য গণমাধ্যমে প্রচার করা যায় না। অথচ এখন শত শত শহীদের রক্তের ওপর দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তি দেশে ফেরার জন্য এনআইডি ও পাসপোর্ট চাচ্ছেন। আইনের শাসন এড়িয়ে তাদের এসব সুবিধা পাওয়ার কোনো সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন।

আবু সাঈদ, মুগ্ধ, আহনাফ ও ওয়াসিমসহ প্রায় ১৪০০ শিশু-কিশোর ও তরুণের আত্মত্যাগের কথা স্মরণ করে রুহুল কবির রিজভী বলেন, এসব মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে হবে। তরুণদের এই আত্মত্যাগ জাতি কোনোদিন ভুলবে না বলে তিনি উল্লেখ করেন।

তারেক রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তার ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছিল, যার ফলে তিনি প্রায় পঙ্গুত্বের শিকার হন এবং চিকিৎসার প্রয়োজনেই নিয়ম মেনে বিদেশে যান। অন্যদিকে গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যান। তাই পলাতক অপরাধীদের সাথে আইনি প্রক্রিয়া ভিন্ন হওয়া উচিত বলে তিনি মনে করেন।

নির্বাচন ও সরকারের বৈধতা প্রসঙ্গে রিজভী বলেন, দেশের মানুষ আর কোনো প্রহসনের নির্বাচন কিংবা মধ্যরাতের ভোটে বিশ্বাস করে না। সবার অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান প্রতিনিধিত্বশীল সরকার গঠিত হয়েছে। এই সরকার সংবিধান অনুযায়ী আইনের প্রয়োগ নিশ্চিত করবে এবং আদালতকে জনগণের শেষ আশ্রয়স্থল হিসেবে প্রতিষ্ঠিত করবে।

বিজ্ঞানমেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি বলেন, তরুণ শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা সত্যিই প্রশংসনীয়। এ প্রতিভা ধরে রাখতে পারলে তারাই একদিন দেশের জন্য বড় অবদান রাখবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম আরও বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশাসসহ স্থানীয় বিএনপি নেতারা বক্তব্য রাখেন।