মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬,

ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫

জাতীয় ডেস্ক

নভেম্বর ১০, ২০২৬, ০৪:৫৭ পিএম

ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য।

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সাতজন এবং খুলনা বিভাগে একজন রয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৪ জনে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৫৯৫ জনের মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশন ব্যতীত) ১৯৬ জন, ময়মনসিংহ বিভাগে ৭৩ জন, চট্টগ্রাম বিভাগে ২০৬ জন, খুলনা বিভাগে ২২০ জন, রাজশাহী বিভাগে ২২৯ জন, রংপুর বিভাগে ৭১ জন, বরিশাল বিভাগে ২১১ জন এবং সিলেট বিভাগে ২০ জন ভর্তি হয়েছেন। অন্যদিকে, রাজধানী ঢাকার সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন রয়েছেন ঢাকা মহানগরের ৩৬৭ জন ডেঙ্গুরোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৭৬৮ জন। তাদের মধ্যে চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৭ হাজার ১৫৮ জন।

দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন সর্বমোট ৬ হাজার ১৩৬ জন ডেঙ্গুরোগী। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুর বিস্তার রোধে এবং চিকিৎসাসেবা নিশ্চিত করতে নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে আসছে।