নভেম্বর ২, ২০২৬, ০৫:০৩ পিএম
সদ্য বিদায়ী অক্টোবর মাসে রেকর্ড মৃত্যুর পর আবারও উদ্বেগ বাড়িয়ে তুলেছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু। দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এই জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৭০ জন রোগী। সোমবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত তথ্য বুলেটিনে এই পরিসংখ্যান নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন এই প্রাণহানি নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৩ জনে।
এর মধ্যে গেল অক্টোবর মাসেই মারা গেছেন রেকর্ড ১৭৪ জন। অন্যান্য মাসের মধ্যে সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং বছরের শুরুতে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে রোগীর মৃত্যু হয়।
রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির হার ছিল ঊর্ধ্বমুখী।
সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা পৌঁছেছে এক লাখ ৩৮ হাজার ৮৯৯ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৩২ হাজার ৪৪৯ জন।
বিভাগভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, যেখানে নতুন ভর্তির সংখ্যা ৯০০ জন।
এছাড়া খুলনায় ২৯৪ জন, চট্টগ্রামে ২৫২ জন, বরিশালে ১৮৩ জন এবং রাজশাহীতে ১৫৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ময়মনসিংহে ৯৫ জন, রংপুরে ৭১ জন এবং সিলেট বিভাগে নতুন করে ভর্তি হয়েছেন ২২ জন রোগী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন