সোমবার, ০২ নভেম্বর, ২০২৬,
শিল্পাঞ্চলে চরম উত্তেজনা

গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে অগ্নিসংযোগ আহত সাংবাদিক ও বিজিবি সদস্য

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২, ২০২৬, ০৪:১৩ পিএম

গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে অগ্নিসংযোগ আহত সাংবাদিক ও বিজিবি সদস্য

ছবি: সংগৃহীত

শ্রমিক আন্দোলনের জেরে রণক্ষেত্রে পরিণত হয়েছে গাজীপুরের দুটি গুরুত্বপূর্ণ মহাসড়ক। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন পোশাক কারখানার শ্রমিকরা। বেলা ১১টার দিকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ ধাওয়া দিলে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে। 

একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের তিনটি গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। সংঘর্ষের সময় আন্দোলনকারীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে এক বিজিবি সদস্য আহত হন।

দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় সংঘর্ষ আরও তীব্র রূপ নেয়। সেখানে পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই সময় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপরও অতর্কিত হামলা চালানো হয়। এতে এক বেসরকারি টেলিভিশনের রিপোর্টার ও ক্যামেরাপারসন আক্রান্ত হন এবং তাদের ক্যামেরা ভেঙে ফেলা হয়। এ ছাড়া অপর একটি টেলিভিশনের ক্যামেরা পারসন পায়ে গুরুতর আঘাত পান।

উত্তপ্ত পরিস্থিতির মুখে পুরো শিল্পাঞ্চলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তা বিবেচনায় তাৎক্ষণিকভাবে গাজীপুরের দেড় শতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানিয়েছেন, সকাল থেকেই শ্রমিকরা বিভিন্ন দাবিতে মহাসড়কে নেমে বিক্ষোভ প্রদর্শন করছেন। শ্রমিক আন্দোলনের কারণে ইতিমধ্যে দেড় শতাধিক তৈরি পোশাক কারখানায় ছুটি দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সড়ক যোগাযোগ সচল রাখা এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি, জেলা পুলিশ ও মহানগর পুলিশের সঙ্গে সমন্বয় করে যৌথভাবে মাঠে কাজ করছে শিল্প পুলিশ।