সোমবার, ০২ নভেম্বর, ২০২৬,
শৈশবের তিক্ত অভিজ্ঞতা

সোনারিকা ভাদোরিয়া শৈশবে রেস্টুরেন্টে যৌন হেনস্তার শিকার হওয়ার স্মৃতিচারণ

বিনোদন ডেস্ক

নভেম্বর ২, ২০২৬, ০৫:১১ পিএম

সোনারিকা ভাদোরিয়া শৈশবে রেস্টুরেন্টে যৌন হেনস্তার শিকার হওয়ার স্মৃতিচারণ

ছবি: সংগৃহীত

হিন্দি ধারাবাহিক ও তেলেগু চলচ্চিত্রের পরিচিত মুখ সোনারিকা ভাদোরিয়া শৈশবের এক তিক্ত ও দুঃসহ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। দেবো কে দেব মহাদেব’ ধারাবাহিকে দেবী পার্বতীর চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই অভিনেত্রী জানান, শৈশবে রেস্টুরেন্টে এক যৌন হয়রানির ভয়াবহ স্মৃতি আজও তাকে তাড়া করে ফেরে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী উল্লেখ করেন, মাত্র ১০ থেকে ১১ বছর বয়সে তিনি প্রথম এমন অপ্রীতিকর অভিজ্ঞতার মুখোমুখি হন। সেদিন এক পাতানো ভাইকে রাখি পরাতে গিয়েছিলেন তিনি। উৎসবের আনুষ্ঠানিকতা শেষে পরিবারের সদস্যদের সঙ্গে দুপুরের খাবার খেতে একটি রেস্টুরেন্টে যান। আর সেখানেই ঘটে ঘটনাটি।

সোনারিকার ভাষ্য অনুযায়ী, রেস্টুরেন্টের একজন ব্যবস্থাপক তাদের সঙ্গেই ছিলেন। একটি দরজা থেকে অপর একটি দরজায় যাওয়ার পথে একটি অন্ধকার করিডোরে পাশাপাশি হাঁটছিলেন ওই ব্যক্তি। সেখানে কয়েক কদম চলার পরই আকস্মিকভাবে তার শরীরে আপত্তিকরভাবে হাত দেন অভিযুক্ত ব্যবস্থাপক।

অনাকাঙ্ক্ষিত সেই স্পর্শে স্তব্ধ হয়ে গিয়েছিলেন ছোট্ট সোনারিকা।

ঘটনার আকস্মিকতায় কী ঘটেছিল তা বুঝে ওঠার মতো বয়স বা মানসিক পরিপক্বতা তখন তার ছিল না। ফলে প্রচণ্ড ভয়ে তিনি একেবারেই নিশ্চুপ হয়ে যান এবং কোনো প্রতিবাদ জানাতে পারেননি। তাৎক্ষণিকভাবে পরিবারের কাউকেও কিছু বলতে পারেননি তিনি।

পরবর্তীতে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরো ঘটনার ভয়াবহতা ও অপরাধের দিকটি অনুধাবন করতে পারেন সোনারিকা। কৈশোরে পৌঁছানোর পর তিনি নিজের মায়ের কাছে বিষয়টি প্রথম খুলে বলেন। মেয়ের মুখে এমন কথা শুনে গভীরভাবে ভেঙে পড়েন তার মা এবং এতদিন কেন ঘটনাটি গোপন রাখা হয়েছিল তা জানতে চান। জবাবে অভিনেত্রী জানান, শিশু বয়সে তার সাথে আসলে কী ঘটেছিল তা স্পষ্ট বোঝার ক্ষমতাই তার ছিল না।

সোনারিকা আরও প্রকাশ করেছেন যে, এই ঘটনার কথা তিনি আজ পর্যন্ত নিজের বাবাকে জানাননি।

অভিনেত্রীর আশঙ্কা, বাবা এই অন্যায়ের কথা জানতে পারলে তীব্র ক্ষোভে ফেটে পড়বেন এবং অভিযুক্ত ব্যক্তি বেঁচে না থাকলেও তাকে যেকোনো মূল্যে খুঁজে বের করে উপযুক্ত জবাব দিতে চাইবেন।

উল্লেখ্য, ‘দেবো কে দেব মহাদেব’ ছাড়াও ‘তুম দেনা সাথ মেরা’, ‘পৃথ্বী বল্লভ’, ‘দাস্তান-এ-মোহাব্বত সলিম আনারকলি’ ও ‘ইশক মে মারজাওয়া’র মতো দর্শকপ্রিয় একাধিক হিন্দি টেলিভিশন ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সোনারিকা।