নভেম্বর ২, ২০২৬, ০৬:৩৩ পিএম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে। রোববার রাতে অ্যাকাউন্টটির দখল নিতে অননুমোদিত প্রবেশের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, শুধু একবার নয়, দফায় দফায় অ্যাকাউন্টটির নিরাপত্তা ভাঙার চেষ্টা চালানো হচ্ছে। সোমবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি।
আইডিটি এখনও ঝুঁকিমুক্ত করা সম্ভব হয়নি।
বোর্ডের দেওয়া বিবরণ অনুযায়ী, হ্যাকার চক্র অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টার পাশাপাশি সেখান থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে সন্দেহজনক বার্তা পাঠাচ্ছে। এসব বার্তার প্রধান লক্ষ্যবস্তু বানানো হচ্ছে জাতীয় দলের ক্রিকেটার, বোর্ডের কর্মকর্তা এবং ক্রিকেটের সাথে সম্পৃক্ত বিভিন্ন অংশীজনকে।
বার্তাগুলোর সাথে অননুমোদিত ক্রিপ্টোকারেন্সি ও জুয়ার ওয়েবসাইটের লিংক জুড়ে দেওয়া হচ্ছে। একই সাথে পাঠানো হচ্ছে বিভিন্ন ধরনের ফাঁদ বা ফিশিং লিংক। এসব লিংকের মাধ্যমে ব্যবহারকারীর গোপন পাসওয়ার্ড, ব্যক্তিগত তথ্য এবং অ্যাকাউন্টে প্রবেশের সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়ার ঝুঁকি রয়েছে। ফলে পুরো ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে ক্রিকেট প্রশাসন।
সংশ্লিষ্ট সবাইকে কোনো ধরনের লিংকে প্রবেশ না করার স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের ইনস্টাগ্রাম আইডি থেকে আসা কোনো আমন্ত্রণ বা লিংকে ক্লিক, ওপেন বা যুক্ত হওয়া যাবে না। একই সাথে এ ধরনের লিংকে প্রবেশ করে কোনো ব্যক্তিগত তথ্য বা পাসওয়ার্ড শেয়ার না করতে অনুরোধ করা হয়েছে।
অ্যাকাউন্টের সম্পূর্ণ নিরাপত্তা ফেরাতে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করে বিসিবি। প্ল্যাটফর্মটি শতভাগ সুরক্ষিত হলে পরবর্তীতে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
এখন পর্যন্ত হ্যাকাররা আইডিটির কতটা নিয়ন্ত্রণ নিয়েছে কিংবা কতজনের ইনবক্সে এমন সন্দেহজনক বার্তা পাঠানো হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সংখ্যা প্রকাশ করেনি বিসিবি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন