মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬,

নাজমুল শান্ত দলের সঙ্গে যোগ দিলেন

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৬, ২০২৬, ০৪:৩৪ পিএম

নাজমুল শান্ত দলের সঙ্গে যোগ দিলেন

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ খেলতে জাতীয় দলের সাথে যোগ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন এই বাঁহাতি টপ অর্ডার ব্যাটার। শারীরিক অসুস্থতার কারণে নির্ধারিত সময়ে দলের সঙ্গী হতে পারেননি তিনি।

জ্বরের কারণে গত ১ অক্টোবর দলের সাথে আমিরাত যেতে পারেননি তিনি। একই শারীরিক সমস্যার কারণে জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টেও অংশ নিতে পারেননি শান্ত। জাপান থেকে দলের সাথে দেশে ফেরার পর শান্তর বেশ কিছু গুরুত্বপূর্ণ ডাক্তারি পরীক্ষা করানো হয়। প্রাথমিকভাবে চিকিৎসকরা তার শরীরে ডেঙ্গু সংক্রমণের আশঙ্কা করেছিলেন।

তবে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধান ও সঠিক নির্দেশনায় তিনি দ্রুতই সুস্থ হয়ে ওঠেন। এরপর রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগ থেকে মাঠে ফেরার আনুষ্ঠানিক ফিটনেস ছাড়পত্র লাভ করেন শান্ত। ছাড়পত্র পাওয়ার আনুষ্ঠানিক ঘোষণার আগেই অবশ্য নিজেকে প্রস্তুত করতে মিরপুরের একাডেমি মাঠে ব্যাট হাতে অনুশীলন শুরু করেছিলেন এই অধিনায়ক। তিনি রোব ও সোমবার সকালে মিরপুরে পুরোদমে ব্যাটিং অনুশীলন সম্পন্ন করেন। আগামী ৯ অক্টোবর আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ দল।