নভেম্বর ২, ২০২৬, ০৬:২৬ পিএম
জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সংসদ ভবন চত্বরে সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাই, বিদ্যুতের অপচয় রোধ এবং জ্বালানি ব্যবহারের আধুনিকায়নে গঠিত কমিটি একগুচ্ছ সুনির্দিষ্ট সুপারিশ করেছে। সোমবার (২ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বিদ্যুৎ ব্যবহারে শৃঙ্খলা আনতে কঠোর নজরদারি চালু হচ্ছে।
সভায় সংসদ সচিবালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা নিয়ে একটি ত্রিমাত্রিক ভিডিও ও নকশা উপস্থাপন করা হয়। এতে পুরো সংসদ চত্বরের সামগ্রিক বিদ্যুৎ চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার পরিধি, বাতাস চলাচলের পথ এবং সোলার প্যানেল বসানোর উপযোগী ফাঁকা জায়গাগুলো পর্যালোচনা করা হয়। কারিগরি সক্ষমতা মেপে উপযুক্ত সৌরবিদ্যুৎ কাঠামো গড়ে তোলার দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
বিদ্যুৎ অপচয় বন্ধে ভবনের সব সাধারণ বাতি সেন্সর কাঠামোর আওতায় আনার সুপারিশ করেছে কমিটি। একই সঙ্গে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্টদের ব্যক্তিগত ও দাফতরিক দায়বদ্ধতা নিশ্চিত করতে বলা হয়েছে। কোনো কর্মকর্তা-কর্মচারীর অবহেলায় অপচয়ের প্রমাণ পেলে বিভাগীয় কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়।
সংসদ ভবন চত্বরে অবস্থিত সোনালী ব্যাংক লিমিটেডের শাখা এবং আবাসিক এলাকায় ব্যবহৃত বিদ্যুতের বিল সঠিকভাবে আদায়ের লক্ষ্যে আলাদা সাব-মিটার বা প্রিপেইড মিটার বসানোর তাগিদ দেওয়া হয়েছে।
মসজিদের বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রেও নতুন সময়সূচি প্রস্তাব করা হয়েছে।
সংসদ ভবনের মসজিদে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারের ক্ষেত্রে অধিবেশন চলাকালে নামাজের এক ঘণ্টা আগে এবং অধিবেশন না থাকলে নামাজের আধ ঘণ্টা আগে এসি চালু করার কথা বলা হয়।
এ ছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বরাদ্দ করা সংসদ এলাকার খেলার মাঠটির চুক্তি ও বরাদ্দ সংক্রান্ত সব নথি যাচাই-বাছাই করে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে। একই সঙ্গে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) মাধ্যমে সৌরবিদ্যুৎ ব্যবস্থা কার্যকরে একটি পূর্ণাঙ্গ উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির সিদ্ধান্ত হয়, যা পরবর্তী সভায় পেশ করা হবে।
সভায় কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এবং বিদ্যুৎ বিভাগ, ডিপিডিসি ও গণপূর্ত অধিদপ্তরের জ্যেষ্ঠ প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন