মোজাম্মেল হক
নভেম্বর ২, ২০২৬, ০৬:৩৯ পিএম
ছবি: দিনাজপুর টিভি
দিনাজপুরের বীরগঞ্জে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘উত্তরবঙ্গ সুপার পাওয়ার ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর প্রথম আসর শুরু হয়েছে। সোমবার (২ নভেম্বর) বিকেল চারটায় উপজেলার দুই নম্বর পলাশবাড়ী ইউনিয়নের পলাশবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ঐতিহ্যবাহী পলাশবাড়ী চাষী ক্লাব এই প্রতিযোগিতার আয়োজন করেছে।
ক্লাবের দাবি, উত্তরবঙ্গের অন্যতম ব্যয়বহুল ও আকর্ষণীয় এই ফুটবল আসর স্থানীয় ক্রীড়াঙ্গনে বাড়তি উদ্দীপনা তৈরি করবে। স্থানীয় ফুটবলপ্রেমীদের উপস্থিতি মাঠজুড়ে উৎসবের আমেজ তৈরি করে।
পলাশবাড়ী চাষী ক্লাবের সভাপতি দবিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আক্কাস আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল ইসলাম।
অনুষ্ঠানে আরও অংশ নেন ক্লাবের সহসভাপতি অজিত চন্দ্র রায় ও এনামুল হক, সাধারণ সম্পাদক রমজান আলী, সহসাধারণ সম্পাদক রুবেল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফাহিম ইসলামসহ ক্লাবের অন্যান্য সদস্য ও ক্রীড়ানুরাগীরা।
মাঠে প্রথম দিনেই গ্যালারি উপচে পড়ে দর্শকের ঢল।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় রানীরবন্দর ফুটবল একাডেমি এবং নবাবগঞ্জের দাউদপুর ফুটবল একাডেমি। দুই দলের খেলোয়াড়দের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই উপভোগ করতে বিকেলে এলাকার অসংখ্য মানুষ মাঠে ভিড় জমান।
নিয়মিত এমন আসর তরুণ প্রজন্মকে মাঠমুখী করবে বলে মনে করছেন উদ্যোক্তারা। তাদের বিশ্বাস, তৃণমূল পর্যায়ে ফুটবলের বিস্তার ঘটাতে এবং নতুন খেলোয়াড়দের প্রতিভা প্রকাশের সুযোগ তৈরিতে এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে।