নভেম্বর ১০, ২০২৬, ০৬:৪১ পিএম
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে দুই কেজি দুইশ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। মঙ্গলবার সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকার আড়তে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়। স্থানীয় জেলে হারুন অর রশিদ পদ্মা নদী থেকে এই ইলিশটি শিকার করেন এবং বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটে নিয়ে আসেন। বিরল আকৃতির এই মাছটি দেখতে ঘাটে কৌতূহলী জেলে, ব্যবসায়ী ও স্থানীয় মানুষ ভিড় জমান। পরে দেলোয়ার হোসেনের আড়তে মাছটির উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে অংশ নিয়ে স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ প্রতি কেজি ছয় হাজার চারশত টাকা দর হাঁকিয়ে মোট চৌদ্দ হাজার ৮০ টাকায় ইলিশটি কিনে নেন। মাছটি কেনার পর তিনি অনলাইন যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। ভিডিও কল ও মুঠোফোনের মাধ্যমে যোগাযোগের একপর্যায়ে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের এক ক্রেতা মাছটি কিনতে আগ্রহ প্রকাশ করেন। শেষ পর্যন্ত ওই ক্রেতার কাছে প্রতি কেজি ছয় হাজার ছয়শত টাকা দরে মোট চৌদ্দ হাজার ৫২০ টাকায় ইলিশটি বিক্রি করা হয়। স্থানীয় ব্যবসায়ীরা জানান, পদ্মার বড় আকারের ইলিশ বাজারে আসলে ক্রেতাদের মধ্যে সবসময়ই বাড়তি আগ্রহ দেখা যায়। সুস্বাদু ও ব্যাপক চাহিদা থাকায় দৌলতদিয়ার ইলিশের জন্য দূর-দূরান্তের ক্রেতারা মুখিয়ে থাকেন। বর্তমানে প্রযুক্তি ও অনলাইন যোগাযোগের সুবাদে দেশের এক প্রান্তের মাছ সহজেই অন্য প্রান্তের ক্রেতার কাছে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে, যা ব্যবসায়ীদের ভালো দাম পেতে সহায়তা করছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোড় আনোয়ারুল ইসলাম জানান, স্বাদ ও গুণগত মানের জন্য পদ্মার ইলিশ দেশজুড়ে সমাদৃত এবং বড় সাইজের ইলিশ বরাবরই ক্রেতাদের মূল আকর্ষণ। তবে ইলিশের প্রজনন ও উৎপাদন স্বাভাবিক রাখতে নির্দিষ্ট সময়ে মাছ ধরা থেকে বিরত থাকা, জাটকা সংরক্ষণ এবং নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। এসব নিয়ম ঠিকমতো মানা হলে পদ্মায় ইলিশের উৎপাদন বাড়বে এবং জেলেরা আরও বেশি আর্থিকভাবে লাভবান হবেন বলে তিনি উল্লেখ করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন