শনিবার, ১০ অক্টোবর, ২০২৬,

মসজিদকে দলীয় অফিস বানানোর চেষ্টা হয়েছিল: প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ

আবু সালেহ মোঃ রায়হান

অক্টোবর ১০, ২০২৬, ০২:৩৭ পিএম

মসজিদকে দলীয় অফিস বানানোর চেষ্টা হয়েছিল: প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ

ছবি: দিনাজপুর টিভি

বিগত দিনে দেশের মসজিদগুলোকে দলীয় কার্যালয় বানানোর অপচেষ্টা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। শনিবার (১০ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মসজিদ আল্লাহর ঘর এবং তাকে আল্লাহর ঘরেই ফিরিয়ে আনার তাগিদ দেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, ইসলাম কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নয় এবং কোনো ব্যক্তিরও নয়। ইসলাম মহান আল্লাহর জন্য নিবেদিত।

ধর্মীয় মাহফিল প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন যে সরকার কোনো ইসলামী মাহফিলের বিপক্ষে নয়, বরং এসব আয়োজনে সহযোগিতা করতে চায়। তবে মাহফিলের নাম ভাঙিয়ে কেউ সরকারের বিরোধিতা বা কোনো প্রকার ষড়যন্ত্রের পথ বেছে নিলে তা মেনে নেওয়া হবে না বলে তিনি সতর্ক করেন। এ ধরনের তৎপরতা ঠেকাতে ওলামা দলের প্রতিটি নেতাকর্মীকে মাঠে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, ধর্মীয় মাহফিলগুলোতে নিরপেক্ষ আলেমদের আমন্ত্রণ জানানো দরকার, যাঁরা রাজনৈতিক দলের পক্ষে প্রচার না চালিয়ে কোরআন ও হাদিসের সঠিক ব্যাখ্যার মাধ্যমে মানুষকে হেদায়েতের পথে ডাকবেন। কোনো রাজনৈতিক দলের পক্ষে প্রচারের জন্য বক্তা আনার প্রয়োজন নেই, বরং ইসলামের সঠিক শিক্ষা মানুষের কাছে পৌঁছানোই মূল কাজ হওয়া উচিত।

আলেমদের এমন দলনিরপেক্ষ ব্যক্তিত্ব খুঁজে বের করার আহ্বান জানিয়ে তিনি আশ্বাস দেন, যাঁরা কোরআন ও হাদিস অনুযায়ী সত্য ব্যাখ্যা দেবেন, তাঁদের মাহফিলে তিনি নিজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং আর্থিক সহযোগিতাসহ যাবতীয় প্রশাসনিক সহায়তা দেবেন।

পঞ্চগড় জেলা ওলামা দলের সভাপতি মুফতি মুহিবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম কাচ্চু, পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব এম এ মজিদ এবং জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল। অনুষ্ঠানে ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।