বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,

মিস ইউনিভার্সে প্রত্যাশা পূরণ করতে না পেরে দুঃখ প্রকাশ করলেন সামিরা খান মাহি

বিনোদন ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৬, ১২:১৩ পিএম

মিস ইউনিভার্সে প্রত্যাশা পূরণ করতে না পেরে দুঃখ প্রকাশ করলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে প্রত্যাশিত সাফল্য অর্জন করতে না পারার পর দেশবাসীর উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি প্রত্যাশা পূরণ করতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।

প্রিয় বাংলাদেশকে সম্বোধন করে মাহি জানান, তাঁকে ঘিরে দেশবাসী অনেক স্বপ্ন দেখেছেন ও আশা করেছেন এবং এত ভালোবাসা, দোয়া, ভোট ও সময় দেওয়ার জন্য তিনি সত্যিই কৃতজ্ঞ।

বার্তায় সামিরা খান মাহি উল্লেখ করেন, মানুষের প্রত্যাশা অনেক বড় ছিল এবং তিনিও বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম আরও উজ্জ্বলভাবে তুলে ধরতে চেয়েছিলেন। নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং দেশ ও মানুষের ভালোবাসার প্রতিনিধিত্বে কোনো কমতি রাখেননি বলে দাবি করে তিনি লেখেন, তাঁর জন্য মানুষ যেভাবে দিনরাত পাশে থেকেছেন তা তিনি কখনো ভুলবেন না।

তবুও প্রত্যাশার প্রতিদান দিতে না পারা এবং মানুষের আশা অনুযায়ী গর্বিত করতে না পারার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত বলে জানান। জীবনের সব চেষ্টা প্রত্যাশিত ফল বয়ে আনে না উল্লেখ করে মাহি বলেন, এর অর্থ এই নয় যে সেই চেষ্টার কোনো মূল্য নেই, বরং কিছু অভিজ্ঞতা, মুহূর্ত ও অনুভূতি সারাজীবনের জন্য মনে থেকে যায়।

বার্তার শেষাংশে দেশবাসীর ভালোবাসাকে যেকোনো অর্জনের চেয়ে বড় বলে অভিহিত করেন সামিরা খান মাহি। বাংলাদেশকে নিজের পরিচয় ও গর্ব উল্লেখ করে তিনি মানুষের ভালোবাসা নিয়েই সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং বিশ্বাস রাখা, পাশে থাকা ও ভালোবাসা দেওয়ার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানান।