বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,

পীরগঞ্জ সীমান্তে দিনাজপুর ৪২ বিজিবির অভিযানে ভারতীয় ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার

মো: মামুনুর রশিদ

নভেম্বর ২৫, ২০২৬, ১২:০২ পিএম

পীরগঞ্জ সীমান্তে দিনাজপুর ৪২ বিজিবির অভিযানে ভারতীয় ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

পীরগঞ্জ সীমান্তে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অভিযানে ৩৯২ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সীমান্তের ফকিরগঞ্জ সীমান্ত ফাঁড়ির দায়িত্বপূর্ণ এলাকায় এই বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হয়।

উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের সিজার মূল্য এক লাখ ২৩ হাজার ৬০০ টাকা নির্ধারণ করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের অবৈধ অনুপ্রবেশ রোধ ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি, কৌশলগত টহল ও আকস্মিক তল্লাশি চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ফকিরগঞ্জ সীমান্ত ফাঁড়ির সদস্যরা অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং পরে ওই স্থানে ব্যাপক তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ। একই সঙ্গে পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

এ প্রসঙ্গে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, মাদক চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অবস্থান অত্যন্ত কঠোর ও আপসহীন। সীমান্তকে মাদকমুক্ত রাখতে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হচ্ছে এবং চোরাকারবারিদের কোনো অপতৎপরতাই বরদাশত করা হবে না। দেশের যুবসমাজকে মাদকের থাবা থেকে সুরক্ষিত রাখতে বিজিবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানান তিনি।