নভেম্বর ২৫, ২০২৬, ১১:০৫ এএম
৭৫তম মিস ইউনিভার্স সেরা ৩০ প্রতিযোগীর তালিকা থেকে ছিটকে গেলেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। জাতীয় পোশাক প্রদর্শনীতে দেশের ঐতিহ্য তুলে ধরে প্রশংসা কুড়ানো এবং দর্শকদের ভোটে একসময় এগিয়ে থাকার পরও মূল লড়াইয়ের এই ধাপে জায়গা হয়নি তাঁর।
সেমিফাইনাল থেকেই বিদায় নেওয়ায় এবারের আসরে মাহির যাত্রা শেষ হলো।
পুয়ের্তো রিকোর সান হুয়ানে মঙ্গলবার (২৪ নভেম্বর) মিস ইউনিভার্সের ৭৫তম আসরের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় শুরু হওয়া এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে ১১৬ জন প্রতিনিধি অংশ নেন। তবে প্রথম ধাপে সেরা ৩০ জনের নাম ঘোষণা করা হলে সেখানে বাংলাদেশের নাম আসেনি।
এবারের আসরে বিচারকদের নম্বরের পাশাপাশি দর্শকদের ভোটেরও বিশেষ ভূমিকা ছিল। দর্শকদের সর্বোচ্চ ভোট পাওয়া একজন প্রতিযোগী সরাসরি সেরা ৩০-এ যাওয়ার সুযোগ পান। গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও এই ভোটে এগিয়ে ছিলেন মাহি, কিন্তু শেষ মুহূর্তে সেই অবস্থান ধরে রাখা সম্ভব হয়নি। দর্শকভোটে বিজয়ী হয়ে সরাসরি ওই ধাপে জায়গা করে নেন ইকুয়েডরের প্রতিযোগী দালিয়া বাকারাম, আর বাকিদের বাছাই করা হয় সাক্ষাৎকার ও প্রাথমিক পর্বের পারফরম্যান্সের ভিত্তিতে।
মূল পর্বের আগে বাংলাদেশ সময় ২২ নভেম্বর ভোরে অনুষ্ঠিত জাতীয় পোশাক প্রদর্শনীতে লাল-সাদা খাদি শাড়িতে মঞ্চে উপস্থিত হয়ে নজর কেড়েছিলেন সামিরা খান মাহি। ‘মাতৃত্ব: ভালোবাসার সর্বজনীন বন্ধন’ শীর্ষক ওই পোশাকটির মূল ভাবনায় ছিল মা ও সন্তানের চিরন্তন সম্পর্ক এবং মাতৃভূমির প্রতি ভালোবাসার বার্তা। কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি কাপড়ে তৈরি শাড়িটির নকশা করেন বিশ্বজিৎ মজুমদার, যার সঙ্গে যুক্ত ছিল বাংলার ঐতিহ্যবাহী গয়না। এ ছাড়া মাহির পিঠে যুক্ত বৃত্তাকার শিল্পকর্মে একজন নারীর শৈশব থেকে মাতৃত্ব ও বার্ধক্যে পৌঁছানোর জীবনচক্র এবং বাংলাদেশের সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছিল।
এর আগে ২০১৯ সালে প্রথমবারের মতো মিস ইউনিভার্সে অংশ নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন শিরিন আক্তার শিলা। এরপর ২০২৪ সালে প্রতিযোগিতায় অংশ নেন অনিকা আলম এবং গত বছর তানজিয়া জামান মিথিলা প্রথমবারের মতো বাংলাদেশকে সেরা ৩০-এ পৌঁছে দেন। এবার সেই সাফল্যের পুনরাবৃত্তির প্রত্যাশা থাকলেও সেরা ৩০-এর লড়াই থেকেই বিদায় নিতে হলো সামিরা খান মাহিকে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন