বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৬, ০৮:১৫ এএম

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

পূর্বনির্ধারিত বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মালয়েশিয়া সফর স্থগিত করে অস্ট্রেলিয়া থেকে সরাসরি দেশের পথে রওনা হয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় বিকালে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওনা হন তিনি। সফরসূচি অনুযায়ী মালয়েশিয়া হয়ে আগামী ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা ছিল। বিমানবন্দরে তাঁকে বিদায় জানাতে সমবেত হন বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি।

গত ১৯ নভেম্বর রাতে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়েন জামায়াত আমির। ছয় দিনের সফরে সিডনি ও ক্যানবেরায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে সংবর্ধনা, আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন তিনি।

নিজের ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লিখেছেন, অস্ট্রেলিয়ায় চার দিনের সফর সম্পন্ন করে দেশের পথে রওনা হয়েছেন। ‍‍`একান্ত প্রয়োজনে‍‍` মালয়েশিয়ায় এক দিনের সফরটি স্থগিত করেছেন জানিয়ে তিনি লিখেছেন, নিকট ভবিষ্যতে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাতের আশা রাখেন।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে জানান, সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার অন্যতম কারণ প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য সংলাপ। দল তাঁর দেশে ফেরার প্রয়োজন অনুভব করছে।

তবে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম বলেছেন, সফরে যাওয়ার আগেই সফর সংক্ষিপ্ত করার বিষয়টি জানানো হয়েছিল - দলীয় ও সাংগঠনিক কাজের কারণেই তিনি সরাসরি দেশে ফিরছেন। প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে সফর সংক্ষিপ্ত করার তথ্যের কোনো ভিত্তি নেই বলেও মন্তব্য করেন তিনি।