নভেম্বর ১৬, ২০২৬, ০২:২৩ পিএম
গোপালগঞ্জ জেলা ছাড়া দেশের অন্য কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ন্যূনতম কোনো অস্তিত্বই নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি স্পষ্ট করে বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক কর্মসূচি তাদের চরম দেউলিয়াত্ব ছাড়া আর কিছুই নয়। আজ সোমবার দুপুরে সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেন, দেশের রাজনীতিতে আওয়ামী লীগ তাদের ন্যূনতম গ্রহণযোগ্যতা সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছে। রাজনৈতিকভাবে দলটির প্রধান শেখ হাসিনার দেশে ফিরে আসার আর কোনো বিন্দুমাত্র সম্ভাবনা নেই। এ দেশের সাধারণ জনগণ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ইতিমধ্যে চিরতরে বিতাড়িত করেছে। এরপরও তাদের বোধোদয় বা শিক্ষা হয়নি।
তিনি আরও বলেন, বিগত আট মাসে দেশের ব্যাংকিং খাতে একটি টাকাও লুটপাট হয়নি এবং বিদ্যুৎ খাতে কোনো ধরনের দুর্নীতি বা করাপশন সংঘটিত হয়নি। দেশের এই স্থিতিশীলতা ও অগ্রগতির চিত্র থেকে মানুষের মনোযোগ সরাতে এবং একধরনের কৃত্রিম হাইপ বা উত্তেজনা তৈরি করতে আওয়ামী লীগ আবারও সহিংস রাজনীতির পথ বেছে নিয়েছে। দলটির বর্তমান সাংগঠনিক তৎপরতা বলতে আর কিছুই অবশিষ্ট নেই। অন্যদিকে জনগণের দৃষ্টি ঘোরানোর জন্যই তারা এই ধরনের ধ্বংসাত্মক ও সহিংস কার্যক্রম চালাচ্ছে। সহিংস আন্দোলন করে তারা পুনরায় ক্ষমতায় ফিরে আসতে চায়, যা কোনোভাবেই কোনো দায়িত্বশীল রাজনৈতিক পদক্ষেপ হতে পারে না।
তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ বিগত বছরগুলোতে দেশের অর্থনীতির যে পরিমাণ অপূরণীয় ক্ষতি করে গেছে, তাতে তারা মূলত দেশের ভবিষ্যৎই নষ্ট করে দিয়ে গেছে। ব্যাংকিং খাতের ব্যালান্স শিট চুরি করে খালি করে দেওয়া হয়েছে। বর্তমান সরকার এসকিউ বা অতীত অন্যায়ের প্রত্যক্ষ দায়ভার নিজের কাঁধে না নিলেও, রাষ্ট্র পরিচালনার সুনির্দিষ্ট দায়িত্ব থেকে দেশ চালিয়ে যাচ্ছে। বিদ্যুৎ খাতেও তাদের আমলে ওভার প্রাইস বা অতিরিক্ত মূল্যে চুক্তি করার খেসারত দিতে হচ্ছে।
এ সময় তথ্যমন্ত্রী আরও বলেন, ইতিহাসের সবচেয়ে খারাপ ও চরম সংকটে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান আমলেও দেশ যতটা না ক্ষতিগ্রস্ত হয়েছিল, বিগত সতেরো বছরে আওয়ামী লীগ তার চেয়েও বহুগুণ বেশি ক্ষতি করেছে দেশের।
বৈঠকে উপস্থিত তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এ সময় স্পষ্ট করে বলেন, দেশের মূলধারার কোনো গণমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের অঙ্গ বা সহযোগী সংগঠনের কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম প্রচার করা যাবে না। আগুন সন্ত্রাস ও বর্বরোচিত গণহত্যা চালিয়ে যারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, দেশের জনগণ তাঁদের কোনো সংবাদ বা বক্তব্য প্রচার ইতিবাচকভাবে দেখবে না।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন