সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬,
ব্যবসাবান্ধব পরিবেশ

১৪ দিনে ব্যবসা শুরুর আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বড় সংস্কারের উদ্যোগ সরকারের

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৬, ১২:৫৭ পিএম

১৪ দিনে ব্যবসা শুরুর আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বড় সংস্কারের উদ্যোগ সরকারের

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

দেশে দ্রুত শিল্পায়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে শিল্পকারখানা স্থাপনের লাইসেন্স, ছাড়পত্র ও সার্টিফিকেট প্রাপ্তির দীর্ঘসূত্রতা কমাতে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। ব্যবসা শুরুর ক্ষেত্রে বিরাজমান বর্তমান জটিলতা আন্তর্জাতিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে আগে যেখানে ১৮২ থেকে ৩৫৫ দিন সময় লাগত, তা কমিয়ে আগামী দিনে মাত্র ১৪ থেকে ২০ দিনে নামিয়ে আনার চূড়ান্ত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

‘শিল্পকারখানা স্থাপনে লাইসেন্স/ছাড়পত্র/অনাপত্তিপত্র/সার্টিফিকেট প্রাপ্তি সহজীকরণ’ শীর্ষক সম্প্রতি অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এসব যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, ব্যবসা শুরুর পুরো প্রক্রিয়া সহজ করতে ‘বাংলাবিজ’ প্ল্যাটফর্মের জরুরি কার্যক্রম ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে অত্যন্ত দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করা হবে। আগামী ২০২৭ সালের ১ মার্চের মধ্যে সংশ্লিষ্ট সব সংস্থার এপিআই সংযুক্তির মাধ্যমে সমন্বিত এই সেবা পুরোপুরি লাইভ করার চূড়ান্ত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এদিকে জয়েন্ট স্টক কোম্পানিস অ্যান্ড ফার্মস বা আরজেএসসির পুরো কার্যক্রম স্বয়ংক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। অটোমেটেড নেইম ক্লিয়ারেন্স ও কোম্পানি রেজিস্ট্রেশন মাত্র এক দিনের মধ্যে সম্পন্ন করার জন্য নতুন একটি প্ল্যাটফর্মের পাইলটিং ইতিমধ্যেই শুরু হয়েছে। আগামী বছরের ১৫ জানুয়ারি থেকে বিনিয়োগকারীরা এই স্বয়ংক্রিয় সেবা গ্রহণ করতে পারবেন। এ ছাড়া নিবন্ধন-পরবর্তী চৌান্নটি সেবা দ্রুততম সময়ের মধ্যে প্রদানের জন্য একটি নতুন অটোমেশন অ্যাকশন প্ল্যান ও রোডম্যাপ তৈরি করেছে সংস্থাটি। আগামী ২০২৭ সালের ১৫ জানুয়ারি থেকে আরজেএসসির সকল সেবা পুরোপুরি স্বয়ংক্রিয় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক উত্তম চর্চার আলোকে মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন সহজ করা এবং শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে ডিজিটাল স্বাক্ষর, ফেস রিকগনিশন ও বায়োমেট্রিক পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস ও লাইসেন্স সংস্কারের ক্ষেত্রে ফায়ার সার্ভিসের লাইসেন্স এবং ডিজাইন অনুমোদনে দীর্ঘসূত্রতা দূর করতে সফটওয়্যারভিত্তিক সম্পূর্ণ অটোমেশন বা প্যারামিটার ও ডেভিয়েশন যাচাই প্রবর্তন করা হবে। আন্তর্জাতিক উত্তম চর্চা অনুসরণ করে ফায়ার লাইসেন্সের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে ঝুঁকিভিত্তিক ক্যাটাগরিতে আরও অধিক মেয়াদের জন্য প্রদান করার সুপারিশ করা হয়েছে।

আমদানি নিবন্ধন ও বয়লার ছাড়পত্র সহজীকরণের অংশ হিসেবে কারখানা চালুর আগেই মূলধনি যন্ত্রপাতি আমদানির এলসি খোলার সুবিধার্থে ফায়ার ও পরিবেশ ছাড়পত্রের চূড়ান্ত সনদের পরিবর্তে কেবল অনলাইন আবেদন নম্বর বা রেফারেন্স ট্র্যাকিংয়ের মাধ্যমেই আইআরসি প্রদানের ব্যবস্থা করতে বলা হয়েছে।

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর রাজস্ব প্রবাহ সম্পূর্ণ অক্ষুণ্ণ রেখে ট্রেড লাইসেন্স প্রাপ্তির জটিলতা দূর করতে ‘বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রবর্তন’ এবং তা একক ইউনিক বিজনেস আইডি হিসেবে কাজ করার মতো করে ডিজাইন করার প্রস্তাব করা হয়েছে। এর মাধ্যমে দেশের অনানুষ্ঠানিক খাতের সমস্ত ব্যবসাকে ব্যাংকিং চ্যানেল ও জালের আওতায় আনা অনেক সহজ হবে।

উদ্যোক্তাদের বারবার পরিদর্শনের হয়রানি কমাতে ফায়ার, পরিবেশ এবং কারখানা পরিদর্শনের সমন্বয়ে একটি সমন্বিত ‘যৌথ পরিদর্শন’ কাঠামো চূড়ান্ত করার কাজ বর্তমানে চলমান রয়েছে।

পরিবেশগত ছাড়পত্র সহজীকরণের লক্ষ্যে অনলাইনে গণশুনানি, স্বীকৃত ল্যাব টেস্ট গ্রহণ এবং ইসিআর সংশোধনের মাধ্যমে পরিবেশ ছাড়পত্রের মেয়াদ তিন বা পাঁচ বছর করার উদ্দেশ্যে পরিবেশ অধিদপ্তর ও ইনভেস্ট বাংলাদেশ যৌথভাবে কাজ শুরু করবে।

সভায় সংশ্লিষ্ট বক্তারা বলেন, এই সংস্কারগুলো যথাযথভাবে বাস্তবায়িত হলে দেশে শিল্পকারখানা স্থাপন এবং ব্যবসা পরিচালনা অত্যন্ত সহজ হবে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে।

সভায় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, একক ‘ইউনিক বিজনেস আইডি বা ইউবিআইডি’ চালু করা গেলে দেশের অনানুষ্ঠানিক খাতের সমস্ত ব্যবসাকে ট্র্যাকিংয়ের আওতায় আনা সম্ভব হবে। এতে জাতীয় করের নেটওয়ার্ক প্রসারিত হবে এবং ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে প্রাতিষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে আনা সহজতর হবে।

ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, অনানুষ্ঠানিক খাতকে প্রাতিষ্ঠানিক কাঠামোয় এনে জাতীয় অর্থনীতিতে এক বড় রূপান্তর ঘটাতে এই সংস্কার কার্যক্রম সময়াবদ্ধভাবে বাস্তবায়নে ইনভেস্ট বাংলাদেশ সর্বাত্মক ভূমিকা পালন করবে।