সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬,
আবহাওয়া বার্তা

সারাদেশে রাতের তাপমাত্রা কমতে পারে

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৬, ১২:৩৮ পিএম

সারাদেশে রাতের তাপমাত্রা কমতে পারে

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর পাশাপাশি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের সার্বিক আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে বর্তমানে একটি গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর ও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর এবং ঘণীভূত হয়ে আজ সন্ধ্যায় একটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

রাজধানী ঢাকায় বাতাসের গতি ও দিক সম্পর্কে বলা হয়েছে, বাতাস পশ্চিম ও উত্তর-উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় আট থেকে বারো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। আজ সকাল ছয়টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা রেকর্ড করা হয়েছে তিরাশি শতাংশ।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা বারো মিনিটে এবং আগামীকাল মঙ্গলবার ঢাকায় সূর্যোদয় হবে ভোর ছয়টা পনেরো মিনিটে। এদিকে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল কুতুবদিয়ায় বত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ষোল দশমিক আট ডিগ্রি সেলসিয়াস।