নভেম্বর ১৬, ২০২৬, ১২:৪৩ পিএম
মাদারীপুরের কালকিনিতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে মডেল প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন এবং কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। কালকিনিতে এই প্রথম ব্যালট বাক্সের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় সাংবাদিকদের মাঝে আনন্দের আমেজ বিরাজ করে।
ভোটকেন্দ্রটি রঙিন বেলুন ও সুন্দর সাজসজ্জায় সাজানো হয়েছিল এবং ভোটারদের দীর্ঘ সারিতে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করতে দেখা যায়।
উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এই নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি অফিসার সুদীপ বিশ্বাস। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মো. সাকিব খান এবং সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ফরিদ হোসেন। ভোটগ্রহণ শেষে বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে খন্দকার শামীম হোসাইন সভাপতি পদে ১১ ভোট পেয়ে এবং আশরাফুর রহমান হাকিম ১২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ইব্রাহিম সবুজকে কোষাধ্যক্ষ করে ১৫ সদস্যের একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
নির্বাচন উপলক্ষে কালকিনিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। প্রশাসনের কড়া তত্ত্বাবধান ও সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে ব্যালট বাক্সে ভোট প্রদান করায় পুরো নির্বাচন প্রক্রিয়াটি সকলের নিকট প্রশংসিত হয়েছে। নতুন এই নেতৃত্বের মাধ্যমে কালকিনিতে সাংবাদিকতার মান আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সুধীজন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন