সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬,

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৬, ১২:১১ এএম

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার ছাত্রলীগ নেতা সৌরভ সিকদার

টাঙ্গাইলের মির্জাপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা নেতা সৌরভ সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার হাটুভাঙ্গা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত সুজন মিয়ার করা দ্রুত বিচার আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আইনি প্রক্রিয়া শেষে রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার সৌরভ নিজেকে টাঙ্গাইল-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের ভাগিনা পরিচয় দিতেন। সড়ক থেকে চাঁদা আদায়ের অভিযোগে সম্প্রতি বহিষ্কৃত মির্জাপুরের আজগানা ইউনিয়ন বিএনপির অর্থবিষয়ক সম্পাদক কবীর সিকদারের ছেলে তিনি।

বিভিন্ন টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে আওয়ামী লীগের বেশ কয়েকজন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। জেলা ছাত্রলীগের কমিটিতে সরাসরি পদ না থাকলেও শীর্ষ পদের জন্য তার তৎপরতা ছিল।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনে জীবন বিসর্জন দেবেন এমন বক্তব্য দিয়ে সম্প্রতি আলোচনায় আসেন তিনি। রোববার আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।