সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬,

ছয়চল্লিশ বছর বয়সে প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামছেন রোনালদিনহো

খেলাধুলা ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৬, ১১:৪৭ পিএম

ছয়চল্লিশ বছর বয়সে প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামছেন রোনালদিনহো

ইতালীয় ক্লাব রাভেনার জার্সিতে মাঠে নামছেন রোনালদিনহো।

ইতালির তৃতীয় সারির ক্লাব রাভেনার হয়ে স্থানীয় প্রতিদ্বন্দ্বী ফোরলির বিপক্ষে মাঠে নামতে চলেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর প্রতিযোগিতামূলক ম্যাচে এটিই হতে যাচ্ছে তার প্রথম শুরুর একাদশে খেলা। গত আগস্টে ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকেই তার মাঠে নামা নিয়ে ভক্তদের মাঝে কৌতূহল তৈরি হয়েছিল।

ম্যাচটি সামনে রেখে শুক্রবার সংবাদ সম্মেলনে রাভেনার কোচ আন্দ্রে মান্দোলিনি নিশ্চিত করেছেন যে ৪৬ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড শুরু থেকেই খেলবেন। আধুনিক ফুটবলের অন্যতম সেরা এই খেলোয়াড়কে তিন ফরোয়ার্ডের একজন হিসেবে মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে তাদের। তবে তিনি কতক্ষণ মাঠে থাকবেন, তা খেলার গতিপ্রকৃতি দেখে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

পেশাদার ফুটবলে নিজের ক্যারিয়ারের গোলসংখ্যা তিন হাজারে পৌঁছে দেওয়ার একটি রোমান্টিক স্বপ্ন থেকে এই প্রত্যাবর্তন ঘটছে। এর আগে ২০১৫ সালের সেপ্টেম্বরে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে নিজের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন তিনি। কেবল খেলোয়াড় হিসেবেই নয়, চলতি বছরের শুরুর দিকে ক্লাবটির একজন বিনিয়োগকারী হিসেবেও যুক্ত হয়েছেন সাবেক এই ব্যালন ডি‍‍`অর জয়ী।

শুক্রবার ইতালি পৌঁছানোর পর সতীর্থদের সঙ্গে মাত্র একটি অনুশীলন সেশনের সুযোগ পাবেন এই বিশ্বকাপজয়ী তারকা। তাকে এক পলক দেখতে এবং তার সম্ভাব্য শেষ ম্যাচ সাক্ষী হতে রাভেনার স্টেদিও ব্রুনো বেনেলিতে অতিরিক্ত দর্শক সমাগমের জন্য তৈরি করা হয়েছে অস্থায়ী গ্যালারি। তেরো ম্যাচ শেষে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা রাভেনার কোনো পেনাল্টি হলে তা নেওয়ার দায়িত্বও থাকছে তার ওপরই।