নভেম্বর ১৫, ২০২৬, ১০:২৯ পিএম
স্বাগতিক বাংলাদেশ টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের টিকিটের দামে বড় ধস নেমেছে। আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠেয় ভারত ও পাকিস্তানের মধ্যকার ফাইনাল ম্যাচের গ্যালারির টিকিট এখন মাত্র ২০০ টাকায় পাওয়া যাচ্ছে।
প্রথমে ফাইনাল ম্যাচের গ্যালারি টিকিটের দাম এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে বাংলাদেশ সেমিফাইনালে পাকিস্তানের কাছে এক গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর সাধারণ দর্শকদের আগ্রহে বড় ধরনের ভাটা পড়ে। দর্শকের এই অনুপস্থিতি ও আগ্রহের ঘাটতি সামাল দিতে টিকিটের দাম চারগুণ কমিয়ে ২০০ টাকা নির্ধারণ করেছে টিকিট বিক্রির দায়িত্বে থাকা প্রতিষ্ঠান টিকিফাই।
এর আগে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সেমিফাইনালে জাতীয় স্টেডিয়ামে দারুণ দর্শক উন্মাদনা দেখা গিয়েছিল। প্রায় ২২ হাজার আসনের ওই স্টেডিয়ামে প্রায় ২১ হাজার ৯৮৩ জন দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেছিলেন।
তবে স্বাগতিক দল ফাইনালে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় আগামী রোববারের ফাইনাল ম্যাচটি নিয়ে স্থানীয় দর্শকদের মধ্যে উদ্দীপনা ও উত্তেজনা অনেকটাই কমে গেছে। এখন স্বল্পমূল্যের এই টিকিটের সুবাদে গ্যালারি কতটা পূর্ণ হয় এবং শেষ পর্যন্ত দর্শকরা মাঠে আসেন কি না, সেটাই এখন দেখার বিষয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন