রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,

শাহজালালে চীনগামী যাত্রীর হ্যান্ডব্যাগ থেকে ৬ লাখ টাকার ওষুধ জব্দ

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৬, ০৯:৪১ পিএম

শাহজালালে চীনগামী যাত্রীর হ্যান্ডব্যাগ থেকে ৬ লাখ টাকার ওষুধ জব্দ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ করা ওষুধ। ছবি: আনসার ব্যাটালিয়নের সৌজন্যে

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনগামী এক যাত্রীর হ্যান্ডব্যাগ থেকে প্রায় ৬ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করা হয়েছে। রোববার দুপুর ২টার দিকে বিমানবন্দরের আরএডব্লিউ-সি এলাকায় ব্যাগ স্ক্যানিংয়ের সময় সন্দেহ হওয়ায় তল্লাশি চালিয়ে এসব ওষুধ জব্দ করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দাবি, কাস্টমসের ছাড়পত্র ছাড়াই এসব ওষুধ বিদেশে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল।

সন্ধ্যায় বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানান, বিমানবন্দরের আরএডব্লিউ-সি এলাকায় চীনগামী এক যাত্রীর হ্যান্ডব্যাগ স্ক্যানিংয়ের দায়িত্বে ছিলেন আনসার ব্যাটালিয়নের সিপাহি মো. রাজেকুল ইসলাম। এ সময় ব্যাগটির বিষয়ে সন্দেহ হলে তিনি এভসেক সদস্যদের সঙ্গে নিয়ে তল্লাশি চালান। পরে ব্যাগ থেকে অ্যান্টিবায়োটিকসহ প্রায় ৬ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের উচ্চমূল্যের ওষুধ পাওয়া যায়।

বিষয়টি এভসেক-২০ কর্তৃপক্ষকে জানানো হলে ওষুধগুলো জব্দ করে কাস্টমসকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়। পরে এভসেকের নির্দেশনায় ঘটনাস্থলে যান এপিসি মো. সাইফুল ইসলাম ও আনসার সদস্য মো. শিলন ইসলাম। শিফট টিআই মো. ওমর ফারুককে বিষয়টি জানানোর পর তার উপস্থিতিতে জব্দ করা ওষুধগুলো এভসেক কন্ট্রোল রুমে হস্তান্তর করা হয়।

বিমানবন্দরের নিরাপত্তা ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে সদস্যদের তৎপরতার প্রশংসা করেছে এভসেক কর্তৃপক্ষ।