মোজাম্মেল হক
নভেম্বর ১৫, ২০২৬, ০৮:০৩ পিএম
ছবি: দিনাজপুর টিভি
দিনাজপুরের বীরগঞ্জে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার লক্ষ্যে ‘উদ্যোগ কর্মসূচি’ বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার বিকেল তিনটায় বীরগঞ্জের শালবন মিলনায়তনে পূবালী ব্যাংক পিএলসি বীরগঞ্জ শাখার উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি বীরগঞ্জ শাখার ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. রেজাউল করিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুর অফিসের উপপরিচালক মুশফিকুর রহমান। এ সময় বীরগঞ্জ উপজেলার বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় উপজেলা পর্যায়ে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়নের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়। এই কর্মসূচির আওতায় দেশজুড়ে মোট পাঁচ হাজার নতুন তরুণ উদ্যোক্তা খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে উদ্যোক্তা হতে আগ্রহী তরুণদের সর্বোচ্চ বয়সসীমা ২৮ বছর নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ সৃষ্টি, নতুন ব্যবসায়িক ধারণা বিকাশ, সম্ভাবনাময় উদ্যোগ চিহ্নিতকরণ এবং প্রয়োজনীয় অর্থায়নের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, দেশের বিপুলসংখ্যক তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে নতুন উদ্যোক্তা তৈরির কোনো বিকল্প নেই। চাকরির পেছনে অন্ধের মতো না ছুটে তরুণদের নিজস্ব উদ্যোগে ব্যবসা ও প্রতিষ্ঠান গড়ে তোলার মানসিকতা তৈরি করতে হবে। এই ক্ষেত্রে ব্যাংকিং খাতের সহযোগিতা, সঠিক দিকনির্দেশনা ও সহজ শর্তে অর্থায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
তাঁরা আরও বলেন, উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করে প্রশিক্ষণ, পরামর্শ ও আর্থিক সহায়তার আওতায় আনা গেলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি স্থানীয় অর্থনীতি শক্তিশালী হওয়ার সাথে সাথে বেকারত্ব কমাতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।
কর্মশালায় তরুণদের নিজস্ব ব্যবসায়িক পরিকল্পনা তৈরি, উদ্যোগ গ্রহণের সাহস এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার বিষয়ে বিশেষভাবে উৎসাহিত করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন যে, এই কর্মসূচির মাধ্যমে বীরগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে নতুন উদ্যোক্তা তৈরি এবং তরুণদের কর্মসংস্থানের ক্ষেত্রে এক ইতিবাচক পরিবর্তন আসবে।