রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,

সীমান্তে পাঁচ দিন অবস্থানের পর রহস্যজনকভাবে উধাও সেই নারী

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৬, ০৭:২৮ পিএম

সীমান্তে পাঁচ দিন অবস্থানের পর রহস্যজনকভাবে উধাও সেই নারী

ছবি: সংগৃহীত

ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় টানা পাঁচ দিন অবস্থান করার পর হঠাৎ উধাও হয়ে গেছেন সেই নারী। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তে গত মঙ্গলবার থেকে অবস্থান করছিলেন আনুমানিক ত্রিশ বছর বয়সী ওই নারী। শনিবার পর্যন্ত তাঁকে সেখানে দেখা গেলেও রোববার সকাল থেকে আর তাঁর সন্ধান পাওয়া যাচ্ছে না। কোথায় গেছেন বা কীভাবে সেখান থেকে চলে গেছেন, তা নিশ্চিত করতে পারেননি স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের কর্মকর্তারা।

বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান চৌধুরী। স্থানীয় বাসিন্দারা জানান, গত মঙ্গলবার সকালে পাথরের চর বিওপির আওতাধীন দশ হাজার ছিয়াত্তর স্লেশ এক নম্বর সীমান্ত পিলার এলাকায় ওই নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এ সময় তিনি শূন্যরেখা পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্য ও স্থানীয় লোকজন তাঁকে বাধা দেন। এরপর থেকেই তিনি দুই দেশের সীমান্তের শূন্যরেখায় খোলা আকাশের নিচে অবস্থান করছিলেন।

শূন্যরেখায় অবস্থানকালে খড়কুটার ওপর একটি কম্বল বিছিয়ে দিনরাত কাটছিল তাঁর। স্থানীয় কয়েকজন নারী তাঁকে বিস্কুট ও পানি দিয়ে সহায়তা করতেন। এভাবে পাঁচ দিন কাটানোর পর শনিবার পর্যন্ত তাঁকে সেখানে দেখা গেলেও রোববার সকালে গিয়ে আর তাঁর সন্ধান মেলেনি।

ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান চৌধুরী জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তাঁরা সেখানে একজন গ্রাম পুলিশ মোতায়েন করেছিলেন। পরে রোববার সকাল সাতটার দিকে গ্রাম পুলিশ তাঁকে জানান যে ওই নারীকে আর দেখা যাচ্ছে না। মহিলাটি কে বা তাঁকে কোথা থেকে কে বা কারা নিয়ে গেছে, তা কেউ বলতে পারছেন না। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন জানান, শনিবার ওই নারী যেখানে ছিলেন, রোববার সেখানে তাঁকে আর পাওয়া যাচ্ছে না। ইউপি চেয়ারম্যানও তাঁকে জানিয়েছেন যে ওই দিন সকাল থেকে ওই নারীকে আর শূন্যরেখায় দেখা যাচ্ছে না। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এতটুকুই তথ্য জানা গেছে।

এদিকে ওই নারী শূন্যরেখা থেকে কোথায় গেছেন, সে বিষয়ে জানতে জামালপুর ব্যাটালিয়ন পঁয়ত্রিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে বিজিবির সুনির্দিষ্ট বক্তব্য পাওয়া যায়নি।