নভেম্বর ১৫, ২০২৬, ০৬:১৪ পিএম
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। চলতি নভেম্বর মাসের শেষ দিকে দেশটিতে কর্মী পাঠানো আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে নির্ধারিত খরচের বাইরে কেউ অতিরিক্ত অর্থ আদায় বা কোনো ধরনের অনিয়ম করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
আজ রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা জানান। এদিন বিকেল সোয়া চারটায় অধিবেশন শুরু হয় এবং বৈঠকে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
এর আগে সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য রুহুল আমিন বলেন, সুখের আশায় দেশ থেকে অসংখ্য স্বপ্ন নিয়ে বাংলাদেশের যুবকরা বিদেশে পাড়ি জমান। নিজেদের জীবন সুন্দর করা, পরিবারকে ভালো রাখা এবং অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়ার জন্য তাঁরা বিদেশে যান। তাঁদের আমরা রেমিট্যান্স যোদ্ধা হিসেবে আখ্যায়িত করে থাকি। ২০২৫-২৬ অর্থবছরে বিদেশ থেকে ৪ লাখ ৩৪ হাজার কোটি টাকা রেমিট্যান্স এসেছে।
প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তিনি আরও বলেন, কখনো কখনো দেখা যায় প্রবাসীদের পাঠানো টাকা নিয়ে স্ত্রী অন্যের হাত ধরে পালিয়ে যান। এ ধরনের ঘটনাও বর্তমানে কম নয়। আবার বিমানবন্দরে লাগেজ কাটা ও বিভিন্ন হয়রানি তাঁদের কপালে লেগেই থাকে। দালাল চক্রের দৌরাত্ম্য, প্রবাসীদের আটকে রেখে নির্যাতন এবং পরিবারের কাছ থেকে অর্থ আদায়ের ঘটনা বাংলাদেশে প্রায়ই ঘটছে। অসুস্থ হলে বা বিপদে পড়লে আমাদের দূতাবাসগুলোর কাছ থেকেও তাঁরা তেমন সহযোগিতা পান না। এতগুলো রেমিট্যান্স যোদ্ধার এসব সমস্যা সমাধানে বর্তমান সরকার কী ধরনের পরিকল্পনা নিয়েছে, তা প্রবাসী কল্যাণমন্ত্রীর কাছে জানতে চান তিনি।
জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, আমরা প্রত্যেকটি মিশনে আমাদের ডেস্ক বসিয়েছি। সেখানে কোনো তথ্য পেলে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। বিদেশে কেউ কোনো ধরনের অসুবিধায় পড়লে আমাদের ইমেইল করলে তাৎক্ষণিকভাবে উত্তর দিয়ে তাঁকে সর্বাত্মক সহযোগিতা করা হয়। শুধু তাই নয়, তাঁর পরিবারের সদস্যদের কাছেও আমরা তথ্য পৌঁছে দিই। এবারের মধ্যপ্রাচ্যের যুদ্ধের সময় প্রবাসীদের সহায়তার বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, ওই সময় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের চিকিৎসাসেবাসহ খরচের বিষয়ে আমরা তাঁদের পরিবারের কাছে নিয়মিত তথ্য জানিয়েছি। যেখান থেকেই কোনো তথ্য পেয়েছি, তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।
এরপর কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ সম্পূরক প্রশ্ন করেন। তিনি মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া এবং নির্ধারিত ব্যয়ের বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের গুরুতর অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, আগস্ট থেকে আমরা মন্ত্রী মহোদয়ের মুখে শুনছি মালয়েশিয়ায় লোক যাচ্ছে। আজ নভেম্বর, এখনো সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ে অভিযোগ শুনতে হচ্ছে। ৫১টি মেডিকেল এবং ২৫-২৬টি ভাগাভাগির বিষয়ও সামনে আসছে। সরকারি খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণের কথা শুনলেও বাজারে ৭ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এ সমস্যার সমাধান কবে হবে? ঠিক কবে নাগাদ মালয়েশিয়ায় স্বাস্থ্য পরীক্ষা শুরু করে কর্মী পাঠানো যাবে, মানুষ তা জানতে চায়। তিনি আরও জানতে চান, ১ লাখ ৫৪ হাজার টাকায় কর্মী পাঠানো নিশ্চিত করতে আলাদা সংসদীয় কমিটি গঠন করে মনিটরিংয়ের ব্যবস্থা করা যাবে কি না।
জবাবে মন্ত্রী বলেন, আগামীকালই মেডিকেলের তালিকা প্রকাশ করা হবে। এই মাসের শেষ দিকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে। আর কর্মী পাঠানোর খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর বাইরে কেউ অনিয়ম করলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় ডেপুটি স্পিকার বলেন, ধন্যবাদ মাননীয় মন্ত্রী। প্রশ্নকর্তাসহ সংসদের অনেক সদস্যই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। এ কারণে এই প্রশ্নের ক্ষেত্রে আমরা দুটি সম্পূরক প্রশ্ন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন