রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় চান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৬, ০৪:৪১ পিএম

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় চান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, না পারলে দুই সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও হামলার ঘটনার মধ্যে তার এই বক্তব্য সামনে এল।

এসব ঘটনার ফলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। সাম্প্রতিক সময়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সংসদেও উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। গত ১০ ও ১১ নভেম্বর সংসদ অধিবেশনেও এই ইস্যু নিয়ে ব্যাপক আলোচনা হয়।

ওই সময় বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকার সমালোচনা করে সরকারের জবাবদিহি চান। বিপরীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে দেওয়া বক্তব্যে পরিস্থিতির উন্নতির দাবি করেন এবং অপরাধ দমনে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। দেশের বিভিন্ন স্থানে চলমান সহিংসতা ও জননিরাপত্তার এই সংকটের মধ্যেই এনসিপির এই নেতার পক্ষ থেকে এমন মন্তব্য এল।