রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,
সাফ সেমিফাইনাল

সাফ থেকে বিদায় ক্ষমা চাইলেন শ্রাবণ, কোচের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ জামালের

খেলাধুলা ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৬, ০৪:৪৫ পিএম

সাফ থেকে বিদায় ক্ষমা চাইলেন শ্রাবণ, কোচের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ জামালের

ছবি: সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে শেষ মুহূর্তের নাটকীয় হারে বাংলাদেশ দলের ফাইনাল খেলার স্বপ্ন ধূলিসাৎ হয়েছে। ২১ বছরের অপেক্ষা ঘুচিয়ে শিরোপার মঞ্চে ওঠার যে স্বপ্ন নিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা মাঠে নেমেছিল, তা ১-০ গোলে পরাজয়ের মাধ্যমে তীব্র হতাশা ও আক্ষেপে রূপ নিয়েছে। ম্যাচের ৮৫ মিনিটে গোলকিপার মেহেদী হাসান শ্রাবণের এক ভুলের কারণে এই পরাজয় আসায় চারদিকে সমালোচনার ঝড় বইছে।

এদিকে পরাজয়ের পর দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন গোলকিপার শ্রাবণ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন বার্তায় নিজের ভুল স্বীকার করে তিনি লিখেছেন, গত রাতে সবার সঙ্গে আনন্দে মেতে ওঠার স্বপ্ন দেখেছিলেন তিনি। কিন্তু অনাকাঙ্ক্ষিত এক ভুল সবকিছু বদলে দিয়েছে। এতে যে হতাশা তৈরি হয়েছে তার জন্য সতীর্থ, কোচ এবং দেশের প্রতিটি সমর্থকের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন তিনি।

শ্রাবণের কণ্ঠে যেমন অনুশোচনা ও অপরাধবোধ স্পষ্ট, তেমনি বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার বক্তব্যে উঠে এসেছে ক্ষোভ, অভিমান ও দলের কৌশলগত দুর্বলতার চিত্র। টিম হোটেল ছাড়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মিডফিল্ডার নিজের তীব্র অসন্তোষ প্রকাশ করে জানান, দলের কৌশল এবং তাকে দেরিতে মাঠে নামানো নিয়ে তার মনে ক্ষোভ রয়েছে।

জামাল বলেন, অনেক খারাপ লাগছে এবং তিনি ঠিকমতো ঘুমাতে পারেননি। সারারাত হামজার রুমে কাটানোর পর তার ভাবনা ছিল তাকে আরও আগে মাঠে নামানো হবে। কিন্তু তাকে মাঠে নামানো হয়েছে ৯০ মিনিটের পর যোগ করা দ্বিতীয় মিনিটে। ম্যাচ শেষে এটি নিয়ে তিনি কথা বলেছেন এবং তার রাগ হওয়া স্বাভাবিক বলে উল্লেখ করেন।

পাকিস্তানের বিপক্ষে দলের খেলার ধরন ও ম্যানেজমেন্টের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বাংলাদেশ অধিনায়ক। প্রতিপক্ষের পাঁচ ডিফেন্ডারের কৌশল সম্পর্কে জানা থাকা সত্ত্বেও দল কোনো কার্যকর সমাধান বের করতে পারেনি বলে জানান তিনি। একই সঙ্গে আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুই গোলে এগিয়ে থাকার পরও মূল একাদশের খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রাম না দেওয়ার বিষয়টিও সামনে এনেছেন জামাল। তাঁর মতে, শুধু খেলোয়াড়দেরই নয়, দলের ম্যানেজমেন্টকেও এই হার থেকে বড় শিক্ষা নিতে হবে।

জামালের ভাষায়, তারা আগের ম্যাচের মতো খেলতে পারেননি এবং এর একটি কারণ হতে পারে কৌশলগত ঘাটতি। পাকিস্তান পাঁচজন ডিফেন্ডার নিয়ে খেলবে তা জানা থাকা সত্ত্বেও দল কোনো সমাধান খুঁজে পায়নি। দেরিতে মাঠে নামানো নিয়ে তিনি ব্যাখ্যা করে বলেন, দলের সবাই ক্লান্ত থাকার পরও তাদের তিনজনকে একসঙ্গে ৮৬ মিনিটে প্রস্তুত হতে বলা হয়েছিল, কিন্তু মাঠে নামানো হয় যোগ করা সময়ে। দিন শেষে দল হেরেছে এবং ফাইনালেও খেলতে পারেনি।

একটি ভুলের বেদনাদায়ক অনুশোচনা এবং কৌশলগত অব্যবস্থাপনা নিয়ে অধিনায়কের খোলামেলা ক্ষোভ — সব মিলিয়ে একরাশ হতাশা আর দীর্ঘশ্বাসের মধ্য দিয়েই সাফের এবারের অধ্যায় শেষ করল বাংলাদেশ দল।