নভেম্বর ১৫, ২০২৬, ১২:৫৯ পিএম
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে শক্তিশালী বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ওঠার নেপথ্য কৌশল প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধান কোচ নলবার্তো সোলানো। তিনি জানিয়েছেন, মিডফিল্ডার হামজা চৌধুরীকে বলের নিয়ন্ত্রণ ও খেলার স্বাধীনতা না দেওয়াই ছিল তাদের মূল পরিকল্পনা। সেই কৌশল সফলভাবে প্রয়োগ করতে পেরেছেন বলেই ম্যাচ জয়ের পথ সহজ হয়েছে।
শনিবার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশকে এক শূন্য গোলে পরাজিত করে ফাইনালে নাম লেখায় পাকিস্তান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজেদের কৌশলগত পরিকল্পনা নিয়ে কথা বলেন কোচ সোলানো।
তিনি বলেন, আমরা জানতাম বাংলাদেশ দলে হামজা চৌধুরী রয়েছে। সে একজন অত্যন্ত মেধাবী ও দলের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড়। আমরা কোনোভাবেই তাকে পায়ে বল রেখে স্বাধীনভাবে খেলতে দিতে চাইনি। সে যেন মাঠে পর্যাপ্ত ফাঁকা জায়গা না পায়, সেটাই ছিল আমাদের প্রধান লক্ষ্য। আমরা তার চলাচলের পরিসর আটকে রেখেছিলাম, ফলে সে খুব বেশি বলের নিয়ন্ত্রণ পায়নি।
বাংলাদেশকে একটি কঠিন ও সমীহজাগানিয়া প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করে সোলানো জানান, ম্যাচের আগে তৈরি করা পরিকল্পনা মাঠে সঠিকভাবে বাস্তবায়িত হওয়ায় তিনি সন্তুষ্ট। পুরো নব্বই মিনিট ফুটবলারদের নিবেদন ও পারফরম্যান্সে তিনি গর্বিত বলে উল্লেখ করেন।
ম্যাচের নির্ধারিত সময়ের শেষ দিকে বাংলাদেশ গোলরক্ষকের ভুল প্রসঙ্গে সোলানো বলেন, গোলরক্ষকের ভুল খেলারই একটি অবিচ্ছেদ্য অংশ। কখনো কখনো এমন পরিস্থিতি তৈরি হয়। দুই দলই বেশ কিছু গোলের সুযোগ তৈরি করেছিল। ম্যাচের একটি নির্দিষ্ট সময়ে মনে হচ্ছিল যেকোনো দলই জয় নিয়ে মাঠ ছাড়তে পারে। তবে আমাদের রক্ষণভাগ শেষ পর্যন্ত জমাট ও শৃঙ্খলাবদ্ধ ছিল।
মাত্র এক বছর দুই মাস ধরে পাকিস্তান জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করছেন সোলানো। তার অধীনে দল বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো করছে বলে জানান তিনি। পাকিস্তানে পেশাদার লিগ না থাকা সত্ত্বেও খেলোয়াড়দের পরিশ্রম ও ধারাবাহিক উন্নতিতে সন্তুষ্ট প্রকাশ করেন তিনি।
ফাইনালে শক্তিশালী ভারতের মুখোমুখি হওয়ার আগে কয়েক দিনের বিশ্রামের সুযোগ পাচ্ছে পাকিস্তান। গ্রুপ পর্বে ভারতের কাছে তিন-দুই গোলে হারের তিক্ত অভিজ্ঞতা থাকলেও ফাইনাল নিয়ে বেশ আত্মবিশ্বাসী সোলানো। প্রতিপক্ষের শক্তি বা দুর্বলতা নিয়ে অতিরিক্ত চিন্তা না করে নিজেদের মাঠের পারফরম্যান্সে পূর্ণ মনোযোগ দিতে চান তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন